‘আমি পিএসজির ত্রাতা নই’
পিএসজিকে এককভাবে সাফল্য এনে দিতে পারবেন না বলে জানিয়েছেন আনহেল দি মারিয়া। তবে ধারাবাহিতার অভাবে সমালোচনার মুখে পড়া এই আর্জেন্টাইন জানিয়েছেন, দলের সাফল্যে অবদান রাখতেই এসেছেন তিনি।
সপ্তাহখানেক আগে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বদলি হিসেবে দি মারিয়াকে খেলান পিএসজি কোচ। তারপর থেকে ফ্রান্সের গণমাধ্যম এই ফরোয়ার্ডের সমালোচনায় নামে।
প্যারিসে ফিরেই সমালোচনার জবাব দিলেন গত শুক্রবার ঘরোয়া লিগে রেনেঁর বিপক্ষে পিএসজির জয়সূচক গোল করা দি মারিয়া। ম্যাচটি ১-০ গোলে জেতে বর্তমান চ্যাম্পিয়নরা।
বেইন স্পোর্টসকে ২৭ বছর বয়সী এই তারকা বলেন, “মানুষকে বুঝতে হবে যে, আমি পিএসজির ত্রাতা নই; দলটিকে আমি একা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতেও পারব না। আমি এখানে সাহায্য করতে এসেছি…ব্যক্তিগত অর্জনে আরও কিছু যোগ করতে এসেছি।”
“আমি ধ্রুপদী সেন্টার-ফরোয়ার্ড নই। গোলদাতাও নই। প্রতি ম্যাচে গোল করতে অভ্যস্ত নই আমি”, যোগ করেন তিনি।
গোল করার চেয়ে সতীর্থদের দিয়ে গোল করাতে পারলে খুশি হওয়ার কথাও জানান ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ফ্রান্সের লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের তাবুতে আসা দি মারিয়া।
“অবশ্যই গোল করতে ভালোবাসি এবং সতীর্থকে দিয়ে গোল করাতে পারলে আরও তৃপ্তি পাই। আমার কাছে গোল করা এবং গোল করানো একই ব্যাপার।”
এবারের সমালোচনা সহজভাবে নিচ্ছেন না দি মারিয়া। এ ধরণের সমালোচনা ক্ষতির কারণ হতে পারে বলেও মনে করেন রিয়াল মাদ্রিদের এই সাবেক খেলোয়াড়।
“সমালোচনা ক্ষতিকর হতে পারে-বিশেষ করে যখন আপনি সবে মাত্র একটা ক্লাবে এসেছেন এবং তিন-চারটা ভালো ম্যাচ খেলেছেন।”
