২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবসময় রিয়ালেই থাকতে চেয়েছিলেন দি মারিয়া

সান্তিয়াগো বের্নাবেউয়ে এক বছরের বেশি সময় পর ফিরছেন পিএসজি তারকা আনহেল দি মারিয়া। এর আগে প্রিয় দল ছেড়ে যাওয়ার আক্ষেপ ঢাকার কোনো চেষ্টাই করলেন না আর্জেন্টিনার এই মিডফিল্ডার। বললেন, সব সময় রিয়াল মাদ্রিদেই থাকতে চেয়েছিলেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 06:36 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ফিরতি লেগে আগামী মঙ্গলবার রিয়ালের মাঠে খেলতে যাবে পিএসজি। ২০১৪-১৫ মৌসুমে রিয়াল ছাড়ার পর এই প্রথম বের্নাবেউতে ফিরছেন দি মারিয়া।

এই ম্যাচ প্রসঙ্গে মার্কার সঙ্গে আলাপকালে রিয়ালের প্রতি তার ভালো লাগার কথা জানান দি মারিয়া।

“আমার লক্ষ্য ছিল সব সময় রিয়াল মাদ্রিদে থাকা।”

২০১৩-১৪ মৌসুমে রিয়ালকে দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা দি মারিয়ার কণ্ঠে কিছুটা অভিমানের সুরও ছিল।

দি মারিয়া জানান, রিয়াল কর্তৃপক্ষ সবসময় একটা বিষয় প্রচার করতে চেয়েছিল যে, সে ক্লাব ছাড়তে চায়। কিন্তু সেটা সত্যি নয়।

“আমি কিছু চেয়েছিলাম, যা ন্যায্য ছিল। অনেক কিছুকেই আমি মূল্য দেই কিন্তু তবে এগুলোর অনেক কিছুরই আমার বেতনের সঙ্গে কোনো সম্পর্ক নেই।”

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সে বারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যাচ সেরা হওয়া দি মারিয়া আরও বলেন, “লা দেসিমা জেতার পর আমি বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম। আশা ছিল, পরিচালকেরা আমার চাওয়ায় সায় দেবেন, কিন্তু তা হয়নি। অনেক কিছু হয়েছে, অনেক মিথ্যা বলা হয়েছে।”

মনে ক্ষোভ আর দু:খ থাকলেও পেশাদারিত্বের মোড়কে তা কাটিয়ে উঠেছেন দি মারিয়া।

“ফুটবলে এই বিষয়গুলো হয়েই থাকে। আমি মাদ্রিদ ছেড়েছি, কিন্তু আমার বের্নাবেউ ছেড়ে আসার শেষ মুহূর্তটা ছিল সুন্দরতম। ওই স্মৃতিতেই আমি শান্ত আছি।”

মঙ্গলবার রাতে আবার যখন বের্নাবেউয়ের সবুজ ঘাসে পা রাখবেন দি মারিয়া, নিশ্চিতভাবেই সেটা তার জন্যে হবে আবেগঘন এক মুহূর্ত। ২০১০-১৪ পর্যন্ত এই মাঠে সমর্থকদের ভালোবাসা পেয়েছেন। তার ফুটবল জাদুতে মুগ্ধ হয়ে হাততালি দিয়েছে যারা, এবার তাদের কাছে তিনি প্রতিপক্ষ।

পুরানো সতীর্থদের প্রতি ভালোবাসাও দি মারিয়ার কথায় ফুটে উঠল। তবে পরক্ষণেই আবেগকে একপাশে ঠেলে পেশাদারিত্বের পরিচয় দিলেন, শোনালেন পিএসজিকে জেতানোর প্রত্যয়ের কথা।

তারপরও পুরোপুরি পেশাদার বুঝি হতে পারলেন না দি মারিয়া। এই যেমন বললেন, মঙ্গলবার রাতে গোল করতে পারলে সেটা উদযাপন করবেন না। কারণটাও সরাসরিই বললেন, “এটা তাদের প্রতি সম্মান জানানো, যারা আমার ভক্ত ছিল এবং আমার সতীর্থ ছিল।”