ইউভেন্তুসের আরেকটি হার, শীর্ষে রোমা
ইতালির সেরি আতে আবার হেরেছে গত মৌসুমের চ্যাম্পিয়ন ইউভেন্তুস। উদিনেজেকে হারিয়ে শীর্ষ স্থান ফিরে পেয়েছে এএস রোমা।
বাজেভাবে মৌসুম শুরু করা ইউভেন্তুস টানা তিন ম্যাচ অপরাজিত থেকে ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু গত বুধবার সাস্সুয়োলোর মাঠ থেকে ১-০ গোলে হেরে আসে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
এই হারে ১০ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে ইউভেন্তুস। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে সাস্সুয়োলো।
নিজেদের মাঠে বুধবার উদিনেজেকে ৩-১ গোলে হারায় গত দুই মৌসুমের রানার্সআপ রোমা।
ম্যাচের চতুর্থ মিনিটেই রোমাকে এগিয়ে দেন বসনিয়া ও হার্জেগোভিনার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দলটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাইকন। দ্বিতীয়ার্ধে ৬৩তম মিনিটে কোত দি ভোয়ার ফরোয়ার্ড জার্ভিনিয়ো স্কোরলাইন ৩-০ করেন।
৭৭তম মিনিটে একটি গোল ফেরত দেয় উদিনেজে।
এই জয়ের পর ১০ ম্যাচ থেকে রোমার পয়েন্ট ২৩। গত মঙ্গলবার বোলোনিয়াকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা ইন্টার মিলান ২১ পয়েন্ট নিয়ে এখন আছে চতুর্থ স্থানে।
বুধবার আর্জেন্টিনার ফরোয়ার্ড গনসালো হিগুয়াইন ও বেলজিয়ামের উইঙ্গার মের্টেন্সের দুই অর্ধের দুই গোলে নিজেদের মাঠে পালেরমোকে ২-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে নাপোলি। ১০ ম্যাচে ২১ পয়েন্ট তাদের।
ভেরোনার মাঠে থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরে ফিওরেন্তিনা। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে তারা এগিয়ে যায় রাফায়েল মার্কেসের আত্মঘাতী গোলে। দ্বিতীয়ার্ধে নিকোলা কালিনিচ ব্যবধান দ্বিগুণ করেন।
১০ ম্যাচ শেষে নাপোলির সমান ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ফিওরেন্তিনা।
নিজেদের মাঠে ইতালির ডিফেন্ডার লুকা আন্তোনেল্লির একমাত্র গোলে কিয়েভোকে হারায় এসি মিলান। এই জয়ে ১০ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে তারা।
