২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার সঙ্গে সর্বোচ্চ গোলও চান জাহিদ

ঢাকা আবাহনীকে হারানোর নায়ক তিনি; করাচি ইলেক্ট্রিককে তো চট্টগ্রাম আবাহনী উড়িয়ে দিলো তার হ্যাটট্রিকেই। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে চট্টগ্রাম আবাহনীকে সবার আগে সেমি-ফাইনালে তোলার পর ফরোয়ার্ড জাহিদ হোসেন জানালেন, শিরোপা জয়ের স্বপ্নটা দেখছেন তিনি।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 01:50 AM

Updated : 22 Aug 2022, 01:39 PM

অথচ কদিন আগেই চোট থেকে উঠেছেন জাহিদ। চোটের কারণে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে কিরগিজস্তানের বিপক্ষে দেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলতে পারেননি। চোট কাটিয়ে সেরাটা মেলে ধরতে পারার আনন্দের সঙ্গে করাচিকে হারানো ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে না পারার আক্ষেপটাও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন এই ফরোয়ার্ড।

হ্যাটট্রিকের আনন্দ ও ‘একটু’ আক্ষেপ

শনিবার করাচি ইলেক্ট্রিকের বিপক্ষে ম্যাচে দশম মিনিটে এমিলির দ্রুত থ্রো থেকে এলিটা কিংসলের ক্রস খুঁজে পায় ফাঁকায় থাকা জাহিদকে; শেখ রাসেল থেকে ধারে খেলতে আসা এই ফরোয়ার্ডের শট প্রতিপক্ষের এক ফুটবলারের পা ছুঁয়ে জালে জড়ালে স্বাগতিকদের সেমি-ফাইনালে স্বপ্ন পূরণের পালে হাওয়া লাগতে শুরু করে।

৩৩তম মিনিটে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে লক্ষ্যভেদের পর ৮২তম মিনিটে পেনাল্টি থেকে ফিরতি শটে স্কোরলাইন ৪-২ করেন জাহিদ। এই স্কোরলাইনেই জয়, সেরা চারের টিকেট পেয়েছে বন্দরনগরীর দলটি। অথচ এমন পারফরম্যান্সের পরও ম্যাচসেরা এলিটা কিংসলে; যার একমাত্র গোলেও অবদান জাহিদের!

ম্যাচসেরা হতে না পেরে বিস্মিত ও হতাশ ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডও, “হ্যাটট্রিক পেয়ে খুব খুশি; টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক বলে খুশিটা আরও বেশি। তবে নিজে তিনটি গোল করলাম। একটি গোল করালাম কিন্তু তারপরও কেন যে ম্যাচ সেরার পুরস্কারটা পেলাম না…।”

‘আরও গোল করতে ও করাতে চাই’

ইস্ট বেঙ্গলের কাছে ১-০ গোলে হেরে ক্লাব কাপ শুরু চট্টগ্রাম আবাহনীর। দ্বিতীয় ম্যাচে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনীকে তারা হারায় জাহিদের গোলেই; ম্যাচের ৪৬তম মিনিটে এই ফরোয়ার্ডের অসাধারণ ফ্রি-কিকটি গড়ে দিয়েছিল ম্যাচের ভাগ্য।

আর সর্বশেষ ম্যাচে তিন গোল করায় টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার মুকুট নিজের করে নিতে ভালোভাবেই ছুঁটছেন জাহিদ। বর্তমানে সর্বোচ্চ চারটি করে গোল আছে জাহিদ ও মোহাম্মদ রাসুলের।

করাচি বিদায় নেওয়া রাসুলের এককভাবে সেরা গোলদাতা হওয়ার সুযোগ আর নেই। ঘোষণাটা না দিলেও পরোক্ষভাবে সেরা গোলদাতা হওয়ার লক্ষ্যটা জানিয়ে দিলেন শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে ধারে চট্টগ্রাম আবাহনীতে খেলতে আসা এই ফরোয়ার্ড।

“আমরা পেশাদার ফুটবলার; যখন যে দলে খেলি, তখন সেই দলের জয়ের জন্য সর্বোচ্চটা দিয়েই খেলি। সামনের ম্যাচগুলোতে একই চেষ্টা থাকবে-আজকের ম্যাচের মতো গোল করার ও করানোর চেষ্টা করব।”

সেমি-ফাইনালে ওঠার তৃপ্তি ও লক্ষ্য

বি গ্রুপের অপর দুই দল ইস্ট বেঙ্গল ও ঢাকা আবাহনী হওয়ায় চট্টগ্রামের দলটিকে নিয়ে প্রত্যাশার পারদ খুব বেশি উঁচুতে ওঠেনি। খোদ দলটির কোচ শফিকুল ইসলাম মানিকও ‘ডেথ গ্রুপের’ প্রসঙ্গ টেনে বলেছিলেন, সেমি-ফাইনালে উঠতে পারলেই প্রাথমিক লক্ষ্য পূরণ হয় তার। দাপটের সঙ্গেই সে লক্ষ্য পূরণ করতে পারায় নিজেদের ‘সেরা দল’ বলতেও বাধল না জাহিদের।

“দেখেন, আমরা সবার চেয়ে ভালো দল; সেরা দল। তা না হলে তো আর আমরা সবার আগে সেমি-ফাইনালে উঠতে পারতাম না।”

শিরোপায় চুমো আঁকতে চট্টগ্রাম আবাহনী মাত্র দুই সিঁড়ি দুরত্বে দাঁড়িয়ে। এই দুরত্বটুকু পেরিয়ে জয়ের আনন্দে ডানা মেলতে চান জাহিদও।

“সেমি-ফাইনালে উঠেছি। আমরাও খুশি। দর্শকরাও খুশি। ক্লাব কতৃপক্ষও খুশি। এখন সবাই চাই আমরা শিরোপা জিতি এবং আমিও ট্রফিটি জিততে চাই।”