নবীন এইবারের মুখোমুখি বার্সা
স্পেনের শীর্ষ লিগে এইবার নবীন হলেও এবারের আসরে তাদের পারফরম্যান্স বেশ ভালো। আট রাউন্ডে একটি মাত্র ম্যাচে হারা দলটির বিপক্ষেই এবার মাঠে নামতে যাচ্ছে শক্তিশালী বার্সেলোনা।
রোববার ঘরের মাঠ কাম্প নউয়ে এইবারের বিপক্ষে খেলবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া এগারটায়।
এবারের লা লিগায় শুরু থেকেই শীর্ষস্থান দখলের লড়াইটা বেশ জমে উঠেছে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে চমক জাগানো সেল্তা দে ভিগো। আতলেতিকো মাদ্রিদ ও ভিয়ারিয়ালও কোনো অংশে কম নয়। অষ্টম রাউন্ডের আগের দুই রাউন্ডে তো ভিয়ারিয়ালই শীর্ষে ছিল।
বার্সেলোনার ম্যাচের আগেই মাঠে নামবে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা ভিয়ারিয়াল। লাস পালমাসকে হারাতে পারলে পয়েন্ট তালিকায় বর্তমান চ্যাম্পিয়নদের টপকে যাবে তারা। তাই এইবারের মাঠে হোঁচট খেলে তৃতীয় স্থান হারানোর শঙ্কা আছে লুইস এনরিকের দলের।
বার্সেলোনার পয়েন্ট ১৮। এক ম্যাচ বেশি খেলা সেল্তার পয়েন্টও ১৮, তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে তারা। আর শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ২১।
শক্তির বিচারে এইবারের বিপক্ষে সহজ জয়ের আশা করতেই পারে বার্সেলোনা সমর্থকেরা। গত মৌসুমেই লা লিগায় পা রাখা দলটির বিপক্ষে এ পর্যন্ত দুইবারের লড়াইয়ে দুটিতেই জিতেছে কাতালুনিয়ার ক্লাবটি।
ওই দুই ম্যাচের একবারও বার্সেলোনার জালে বল জড়াতে পারেনি এইবার। লিগের প্রথম লেগে কাম্প নউয়ে ৩-০ স্কোরলাইনের পর ফিরতি লেগে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে হারে তারা।
মেসিবিহীন বার্সেলোনার নতুন এই যাত্রার কাণ্ডারি নেইমার। লিগে রায়ো ভায়েকানোকে ৫-২ ব্যবধানে হারাতে একাই চার গোল করেন ব্রাজিলিয়ান তারকা। আর গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বাতে বরিসভের বিপক্ষে পুরো ম্যাচে দুর্দান্ত খেলেন, ২-০ ব্যবধানের জয়ে ইভান রাকিতিচের করা দুটি গোলেই ছিল তার অবদান।
লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ গোল করা নেইমারের কাছে এ ম্যাচেও ভক্ত-সমর্থকদের পাশাপাশি সতীর্থদের চাওয়া নিশ্চয় একই থাকবে।
বড় মঞ্চে অভিজ্ঞতার ঘাটতি থাকলেও এইবারকে অবহেলা করলে ভুগতে হতে পারে বার্সেলোনাকে। এই মৌসুমে এখন পর্যন্ত দলটির পারফরম্যান্সই তার প্রমাণ। আট ম্যাচের তিনটি জয়ের পাশে চারটিতে ড্র করেছে তারা, একটি মাত্র হার।
১৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা দলটি প্রতিপক্ষের মাঠে এখনও অপরাজিত; চার ম্যাচের দুটি করে জয় আর ড্র। ‘অ্যাওয়ে’ ম্যাচে ধারাবাহিক সফল দলটিকে হারাতে তাই কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে মেসিবিহীন বার্সেলোনাকে।
