আর্জেন্টিনার বিপক্ষে 'যুদ্ধের' প্রস্তুতি ব্রাজিল কোচের
ফুটবলের মঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ের হাতছানি। কার্লোস দুঙ্গার কাছে সেটা আরও বেশি। চির প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইটা ব্রাজিল কোচের কাছে একটা 'যুদ্ধ'।
আগামী ১৩ নভেম্বর আর্জেন্টিনার বুয়েনস আইরেসে স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে নামবে ব্রাজিল। তার চার দিন পর পেরুর বিপক্ষে ঘরের মাঠে খেলবে দুঙ্গার দল।
এই দুই ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন দুঙ্গা। ব্রাজিলের জন্য বড় স্বস্তির খবর, নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন সেরা তারকা নেইমার।
দল প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ওঠে আর্জেন্টিনা ম্যাচের প্রসঙ্গ।
চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ওই 'সুপার ক্লাসিকো' ম্যাচ প্রসঙ্গে দুঙ্গা বলেন, "আর্জেন্টিনার বিপক্ষে খেলা সবসময়ই একটা যুদ্ধ।… আমরা জানি যে, প্রতিটা ট্যাকল ও পাসই এখানে ম্যাচ নির্ধারক হয়ে উঠতে পারে। আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে এবং ফল পেতে আমাদের সেরাটা দিতে হবে।"
চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে থাকা লিওনেল মেসিকে হয়তো গুরুত্বপূর্ণ ওই ম্যাচে পাবে না আর্জেন্টিনা। প্রতিপক্ষ শিবিরে সময়ের সেরা ফুটবলারের না থাকাটা অবশ্য বাড়তি কোনো স্বস্তি দিচ্ছে না দুঙ্গাকে।
"আর্জেন্টিনা দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। মেসির মতো খেলোয়াড় না থাকাটা তারা কাটিয়ে উঠবে।"
