দুই আবাহনীরই টিকে থাকার লড়াই
ঢাকা আবাহনীর বিপক্ষে চট্টগ্রাম আবাহনীর জয়ে ‘বি’ গ্রুপের লড়াই জমে উঠেছে। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে প্রথম হারের স্বাদ পাওয়া ঢাকা আবাহনী কোচও মানছেন, গ্রুপের শেষ ম্যাচটি তাদের জন্য বাঁচা-মরার লড়াই হয়ে উঠেছে।
এমএ আজিজ স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচের ৪৬তম মিনিটে ফ্রি-কিক থেকে করা জাহিদ হোসেনের দেওয়া গোলটিই শেষ পর্যন্ত চট্টগ্রাম আবাহনীর জয় নিশ্চিত করে।
চট্টগ্রাম আবাহনীর জয়ে ফলে টানা দুই ম্যাচে ছয় পয়েন্ট পেলেও ইস্ট বেঙ্গলের সেমি-ফাইনাল নিশ্চিত নয়। গ্রুপে দুই ম্যাচে তিন করে পয়েন্ট পেয়েছে ঢাকা ও চট্টগ্রাম আবাহনী। এই দুই দলের সঙ্গে এমনকি টানা দুই ম্যাচ হারা করাচি ইলেক্ট্রিকের সেমি-ফাইনালে ওঠার স্বপ্নও বেঁচে আছে। গ্রুপের সেরা দুই দল পেতে তাই শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে।
আগামী শনিবার ইস্ট বেঙ্গলের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ঢাকা আবাহনী। দলটির কোচ অমলেশ সেন বলেন, “আমরা ম্যাচে আধিপত্য করেছি। কিন্তু আমাদের ফরোয়ার্ডরা ভালো করতে পারেনি। একটা ফ্রি-কিকই ম্যাচের ভাগ্য গড়ে দিল। ফলে শেষ ম্যাচটি আমাদের জন্য ডু অর ডাই হয়ে গেল।”
ওয়ালী ফয়সাল, প্রাণোতোষ চোটের কারণে নিজেদের মেলে ধরতে পারেনি বলেও জানান অমলেশ। রেফারিং নিয়েও কিছুটা অখুশি তিনি।
দুই ম্যাচ জিতে উড়তে থাকা ইস্ট বেঙ্গলের বিপক্ষের ম্যাচটি যে সহজ হবে না, তাও মানছেন অমলেশ। প্রতিপক্ষ দল সম্পর্কে তার মূল্যায়ন, “ওদের দলের সবার ফিটনেস ভালো; নিজেদের মধ্যে বোঝাপড়াও ভালো।”
শনিবারই করাচি ইলেক্ট্রিকের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে চট্টগ্রাম আবাহনী। এ ম্যাচে জিতলেও ইস্ট বেঙ্গল-ঢাকা আবাহনী ম্যাচের ফল হয়ে উঠবে চট্টগ্রামের দলটির ভাগ্য নির্ধারক। তাই স্বাগতিক দলের কোচ শফিকুল ইসলাম মানিক মাটিতেই পা রাখছেন।
“ছেলেদের খেলায় আমি খুশি। তবে এখানেই শেষ নয়। পরের ম্যাচটাও আমাদের জিততে হবে। কেননা, আমাদের গ্রুপে গোল পার্থক্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।”
