আর্সেনালের দারুণ জয়
দ্বিতীয়ার্ধের সুযোগগুলো কাজে লাগিয়ে ওয়াটফোর্ডের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে আর্সেনাল। প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেন ভেঙ্গারের দলের এবারের জয়টি ৩-০ ব্যবধানের।
এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আগামী বুধবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস সঞ্চয় করে নিল আর্সেনাল।
ওয়াটফোর্ডের মাঠে শনিবার তিনটি গোলই দ্বিতীয়ার্ধে পায় আর্সেনাল। লিগে এটি আর্সেনালের নয় ম্যাচে ষষ্ঠ জয়।
আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে আসা আর্সেনাল শুরু থেকে ওয়াটফোর্ডের রক্ষণে চাপ তৈরি করে। কিন্তু আলেক্সিস সানচেস, সান্তি কাসোরলারা সুযোগ নষ্ট করলে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে গোলের জন্য মরিয়া আর্সেনাল। ৫৪তম মিনিটে ডি-বক্সের ভেতর বল পেয়েছিলেন মেসুত ওজিল তবে একটু কঠিন সুযোগটা কাজে লাগাতে পারেননি।
অবশেষে পাল্টা আক্রমণে ৬২তম মিনিটে গোলের দেখা পায় গানার্স নামে পরিচিত দলটি। বল নিয়ে পেনাল্টি বক্সে ঢুকে পড়া ওজিল এক ডিফেন্ডারের ট্যাকলে পড়ে গেলে বল আসে সানচেসের কাছে। জোরালো শটে বল জালে জড়িয়ে দেন চিলির এই স্ট্রাইকার।
চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। ডান দিক থেকে ওজিলের নিচু ক্রস প্রথম স্পর্শেই জালে জড়ান থিও ওয়ালকটের বদলি হিসেবে নামা অলিভিয়ে জিরুদ।
তৃতীয় গোলটি পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্সেনালের। ৭৪তম মিনিটে ডান দিক থেকে বল নিয়ে ডি-বক্সে ঢুকে এক্তর বেল্লেরিন বল বাড়ান অ্যারন রামজিকে। ওয়েলসের এই মিডফিল্ডারের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে দিক পাল্টে জালে জড়ায়; গোলরক্ষকের কিছুই করার ছিল না।
শেষ দিকেও ব্যবধান বাড়ানোর চেষ্টায় ছিল আর্সেনাল। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জিরুদের শট পোস্টের ওপর দিয়ে উড়ে গেলেও লিগে দলটির টানা তৃতীয় জয় পেতে কোনো সমস্যা হয়নি।
এ জয়ের পর নয় ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো আর্সেনাল। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে একই দিনে রাহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে বোর্নমাউথকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যানচেস্টার সিটি।
অন্য ম্যাচে চেলসি ২-০ গোলে অ্যাস্টন ভিলাকে এবং ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে এভারটনকে হারায়।
টটেনহ্যাম হটস্পার ও লিভারপুলের মধ্যকার দিনের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
