ফ্লুমিনেসে ছাড়লেন রোনালদিনিয়ো
রোনালদিনিয়োর ফ্লুমিনেসে অভিযান মাত্র দুই মাসেই শেষ হয়ে গেছে। ব্রাজিলের ক্লাবটি ছেড়ে দিয়েছেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার।
ফ্লুমিনেসের হয়ে নয়টি ম্যাচ খেললেও কোনো গোল করতে পারেননি ৩৫ বছর বয়সী রোনালদিনিয়ো। ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পেতেও লড়াই করছিলেন ব্রাজিলের সাবেক তারকা।
ফ্লুমিনেসে এক বিবৃতিতে জানায়, সমঝোতার মাধ্যমেই রোনালদিনিয়ো বিদায় নেন।
ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ী রোনালদিনিয়ো ক্যারিয়ারের সেরা সময় কাটান বার্সেলোনায়। ২০০৮ সালে বার্সেলোনা ছেড়ে এসি মিলানে নাম লেখান তিনি। এরপর ফ্লামেঙ্গোতে যোগ দিয়ে ব্রাজিলে ফেরেন তিনি।
এই ক্লাবে একটি মৌসুম কাটানোর পর ব্রাজিলের আরেক ক্লাব আতলেতিকো মিনেইরোতে নাম লেখান দুইবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়। ২০১৪ সালে যোগ দেন মেক্সিকোর ক্লাব কেরেতারোতে। সেখান থেকে এ বছরই আবার ব্রাজিলে ফেরেন তিনি।
