উড়তে থাকা রোনালদোদের সামনে এবার গ্রানাদা
তিন ম্যাচ শেষে লিগে অবস্থান একাদশতম স্থানে হলেও প্রতিপক্ষের মাঠে এখনও অপরাজিতই আছে গ্রানাদা। স্পেনের লা লিগায় সবশেষ দুই ম্যাচে ১১ গোল করা রিয়াল মাদ্রিদ এবার নিজেদের মাঠে এই দলের বিপক্ষেই খেলতে নামছে।
সান্তিয়াগো বের্নাবেউতে গ্রানাদার বিপক্ষে রিয়ালের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
লিগের শুরুতে স্পোর্তিং গিহনের মাঠ থেকে হোঁচট খেয়ে আসে রিয়াল। গোলশূন্য সেই ড্রর পরই যেন ঘুম ভেঙেছে ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজেমা, গ্যারেথ বেল, হামেস রদ্রিগেসের।
লা লিগায় পরের দুই ম্যাচে রিয়াল বেতিস আর এসপানিওলকে উড়িয়ে দেয় রাফায়েল বেনিতেসের দল। ঘরের মাঠে বেতিসের বিপক্ষে ৫-০ গোলের জয়ে অবশ্য রোনালদো ছিলেন গোলহীন।
এসপানিওলের মাঠ থেকে ৬-০ ব্যবধানে জিতে আসা ম্যাচে রোনালদো একাই করেন ৫ গোল। লিগে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোল করা রাউল গনসালেসের রেকর্ডও সেদিনই ছাড়িয়ে যান পর্তুগালের অধিনায়ক।
