২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুলারের জোড়া গোলে বায়ার্নের জয়

জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু করেছে বায়ার্ন মিউনিখ। টমাস মুলার ও মারিও গোটসের গোলে গ্রিসের দল অলিম্পিয়াকোসকে হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 02:48 AM

Updated : 12 Oct 2022, 04:13 PM

'এফ' গ্রুপের ম্যাচে মিউনিখের ৩-০ ব্যবধানের জয়ে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন মুলার। অন্য গোলটি করেন গোটসে।

বুধবার রাতে নিজেদের মাঠে প্রথম সুযোগটি তৈরি করে গ্রিসের দল অলিম্পিয়াকোসই। কলম্বিয়ান মিডফিল্ডার ফেলিপে পারদোর ক্রস একজনের গায়ে লেগে চলে আসে ব্রাউন আইদেয়ির কাছে। নাইজেরিয়ার এই স্ট্রাইকার সরাসরি গোলরক্ষক মানুয়েল নয়ারের দিকে হেড করে সুবর্ণ সুযোগ নষ্ট করেন।

বায়ার্ন প্রথম সত্যিকারের সুযোগ তৈরি করে ২৬তম মিনিটে। ফ্রি কিক থেকে বল পেয়ে জাবি আলোনসো বাড়ান রবের্ত লেভানদোভস্কিকে। তার হেড বিপদমুক্ত করে দলকে বাঁচান ডিফেন্ডার দিমিত্রিস সিওভাস। 

৩৫তম মিনিটে আবার সুযোগ আসে পেপ গুয়ার্দিওলার শিষ্যদের সামনে। দগলাস কস্তার ক্রস মুলার নাগালে না পেলেও পেয়ে যান লেভানদোভস্কি। পোলিশ এই স্ট্রাইকারের প্রচেষ্টা ঠেকিয়ে দেন অলিম্পিয়াকোসের স্প্যানিশ গোলরক্ষক রবের্তো।

৪৩তম মিনিটে থিয়াগোর কাছ থেকে বল পাওয়া আলোনসোর ২৫ গজ দূর থেকে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় গ্রিসের দলটি।

দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে আর হতাশ হতে হয়নি মিউনিখকে। মুলার গোল করে এগিয়ে দেন জার্মানির সফলতম দলটিকে। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এটি মুলারের সপ্তম গোল।

চার মিনিট পরই সমতায় ফেরার সুযোগ পায় অলিম্পিয়াকোস। তাদের পরিকল্পিত আক্রমণটি ব্যর্থ করে দেন জার্মানির গোলরক্ষক নয়ার।

৬৮তম মিনিটে থিয়াগোর সঙ্গে দেওয়া-নেওয়া করে মুলারকে বল বাড়ান ফিলিপ লাম। মুলারের প্রথম প্রচেষ্টাটি ব্যর্থ হলেও দারুণ এক ভলিতে রবের্তোকে পরীক্ষায় ফেলেন তিনি।

ম্যাচের শেষ দিকে গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে অলিম্পিয়াকোস। কিন্তু গোল পায়নি তারা। উল্টো ৮৯তম মিনিটে ব্যবধান বাড়ান বদলি খেলোয়াড় গোটসে। আরেক বদলি খেলোয়াড় কিংসে কোমানের ক্রস থেকে বল জালে পাঠান তিনি।

ম্যাচের যোগ করা সময়ে ডি বক্সে মাসুয়াকো কোমানকে ফাউল করলে পেনাল্টি পায় মিউনিখ। সেই পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন মুলার।

এই গ্রুপের অন্য ম্যাচে আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে দিনামো জাগরেব।