সুখস্মৃতি নিয়ে আতলেতিকোর মাঠে চোট-জর্জর বার্সা
স্পেনের লা লিগায় মুখোমুখি হওয়ার আগে যেন একই মোহনায় দাঁড়িয়ে আছে বার্সেলোনা আর আতলেতিকো মাদ্রিদ। দুই দলেরই একে অপরের বিপক্ষে আছে দারুণ সৃখস্মৃতি। বার্সেলোনা কোচ লুইস এনরিকে অবশ্য এ ম্যাচের আগে তার দলে চোট আর ক্লান্তি নিয়ে দুশ্চিন্তায়ও আছেন।
এবারের লা লিগায় বার্সেলোনা তাদের তৃতীয় ম্যাচটি প্রতিপক্ষ আতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে খেলতে নামবে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়।
আতলেতিকোর বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনা দলে অম্লমধুর অনুভূতি। সদ্য আন্তর্জাতিক ফুটবল খেলে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি নিয়ে ফিরেছেন দলের বড় তিন তারকা লিওনেল মেসি, হাভিয়ের মাসচেরানো, নেইমাররা। এর সঙ্গে আছে চোট আর নিষেধাজ্ঞার সমস্যা।
চোটের কারণে দগলাস আর দানি আলভেসের না খেলা নিশ্চিত। রাইট-ব্যাক সের্হি রবের্তোকে নিয়েও সংশয় আছে। আর স্প্যানিশ সুপার কাপে দেখা লাল কার্ডের নিষেধাজ্ঞা এখনও চলছে ডিফেন্ডার জেরার্দ পিকের।
