দ্রুততম মানব-মানবী সেই মেজবাহ আর শিরিন
জাতীয় অ্যাথলেটিক্সে ১০০ মিটারের মুকুট ধরে রেখেছেন মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার। দুজনের মধ্যে সামার মিটের চেয়ে ভালো টাইমিং করেছেন শিরিন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শুক্রবার মেয়েদের ১০০ মিটারে ১২.২০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন শিরিন আক্তার। জাতীয় অ্যাথলেটিক্সের গত সামার মিটে ১২.২৪ সেকেন্ড টাইমিং করে সোনা জিতেছিলেন নৌ বাহিনীর এই অ্যাথলেট।
এই বিভাগে ১২.৩০ সেকেন্ড সময় নিয়ে রূপা পেয়েছেন শিরিনের সতীর্থ জাকিয়া সুলতানা আর বাংলাদেশ সেনাবাহিনীর শামসুন নাহার চুমকি (১২.৩৭) ব্রোঞ্জ জেতেন।
ছেলেদের ১০০ মিটারে কাজী শাহ ইমরান ও মেহেদী হাসানকে পেছনে ফেলে সোনা জিততে মেজবাহ সময় নেন ১০.৬০ সেকেন্ড। সামার মিটে ১০.৪৩ সেকেন্ড টাইমিং করে সেরা হয়েছিলেন নৌ বাহিনীর এই অ্যাথলেট।
এই বিভাগে নৌবাহিনীর ইমরান (১০.৭০) ও সেনাবাহিনীর মেহেদী (১০.৮০) যথাক্রমে রূপা ও ব্রোঞ্জ পেয়েছেন।
একই দিনে পুরুষ ম্যারাথনে ২ ঘন্টা ৪৭.৪৪ মিনিট সময় নিয়ে সোনা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফিরোজ খান। মেয়েদের হাই জাম্পে নৌবাহিনীর প্রাবনী হক (১.৬৩ মিটার) ও পুরুষ শটপুটে সেনাবাহিনীর মামুন শিকদার সোনা জেতেন।
