মাতুইদির জোড়া গোলে ফ্রান্সের আরেকটি জয়
তিন দিনের ব্যবধানে আরেকটি জয় পেয়েছে ফ্রান্স। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইউরোর আগামী আসরের স্বাগতিকরা।
বোর্দোর মাতমুত আতলান্তিকে সোমবার রাতের এই ম্যাচে নবম মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। আন্তোনিও গ্রিজমানের ক্রসে লাফিয়ে উঠে ব্লেইস মাতুইদির করা হেড এক বাউন্সে জালে ঢুকে যায়।
ষষ্ঠদশ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু স্ট্রাইকার অলিভিয়ে জিরুদের প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সার্বিয়ার গোলরক্ষক।
খানিক বাদে মাতুইদির সামনে অবশ্য আর দেয়াল হয়ে দাঁড়াতে পারেননি অতিথি গোলরক্ষক। ২৫ গজ দূর থেকে পিএসজির মিডফিল্ডারের জোরালো ভলি ঠোকানোর কোনো সুযোগই ছিল না রাইকোভিচের।
২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ফরাসিদের আক্রমণের ধার আরও বাড়ে। অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণে উঠতে থাকে তারা।
তবে বিরতির মিনিট পাঁচের আগে এক পাল্টা আক্রমণ থেকে ব্যবধান কমায় সার্বিয়া। লাজার মার্কোভিচের শট সতীর্থ আলেকসান্দা মিতরোভিচের হাঁটুতে লেগে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বল দখলে ছিল ফরাসিদের। তবে আর কেউই গোল না করতে পারায় স্কোরলাইনেও কোনো পরিবর্তন আসেনি।
গত শুক্রবার পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছিল ফ্রান্স।
