২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের নাটকীয়তায় জিতল পর্তুগাল

ব্যর্থতার গণ্ডি থেকে বের হতে পারেননি ক্রিস্তিয়ানো রোনালদো। তবে দল জেতায় হাসিমুখেই মাঠ ছাড়তে পেরেছেন তিনি ও তার সতীর্থরা। ইউরোর বাছাই পর্বে আলবেনিয়াকে একমাত্র গোলে হারিয়েছে ফের্নান্দো সান্তোসের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 03:12 AM

Updated : 12 Oct 2022, 04:12 PM

গ্রুপের ষষ্ঠ রাউন্ডের এই জয়ে প্রতিশোধও নেওয়া হলো পর্তুগালের। গত সেপ্টেম্বরে প্রথম লেগে তারা ঘরের মাঠে আলবেনিয়ার কাছে একই ব্যবধানে হেরেছিল।

প্রতিপক্ষের মাঠে সোমবার রাতেও পয়েন্ট খোয়ানোর শঙ্কায় পড়ে গিয়েছিল পর্তুগাল। প্রথমার্ধের অধিকাংশ সময় বল দখলে রেখে বেশ কয়েকটি ভালো আক্রমণও করে তারা, কিন্তু সাফল্য মেলেনি।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের একই চিত্র, রোনালদো-নানিদের আক্রমণ বারবার প্রতিপক্ষের গোলমুখে ব্যর্থ হচ্ছিল। এভাবেই নির্ধারিত সময় শেষ হলে ড্রয়ের সম্ভাবনা জোরালো হয়ে ওঠে।

অবশেষে যোগ করা সময়ের শেষভাগে কুয়ারেসমার ফ্রি কিকে ছয় গজ বক্সের মধ্যে লাফিয়ে উঠে কাঙ্খিত জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার মিগুয়েল ভেলোসো।

ছয় ম্যাচে পঞ্চম এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষস্থান মজবুত করল পর্তুগাল। দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্কের পয়েন্ট ১২, একটি ম্যাচ বেশি খেলেছে তারা। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে আলবেনিয়া।