২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে বার্সা

জেরার্দ পিকের চার ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 02:55 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

গত মঙ্গলবার কাম্প নউয়ে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফিরতি পর্বের ম্যাচে অফসাইডের একটি সিদ্ধান্ত নিয়ে সহকারী রেফারির সঙ্গে তর্ক করেন পিকে। এরই এক পর্যায়ে ওই লাইন্সম্যানকে বাজে কথা বলেন বার্সেলোনার এই ডিফেন্ডার।
 
ঘটনার সঙ্গে সঙ্গে পিকেকে লাল কার্ড দেখান রেফারি কার্লোস ভেলাসকো কারবায়ো।  পরে সবকিছু বিশ্লেষণ করে গত বুধবার স্পেনের এই খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়।
 
কারবায়ো তার ম্যাচ রিপোর্টে উল্লেখ করেন, পিকে লাইন্সম্যানকে বাজে কথা শোনান। তবে পিকে বারবার বলে এসেছেন, তিনি লাইন্সম্যানকে উদ্দেশ করে কথাগুলো বলেননি। আপিলেও এই বিষয়টির ওপরই জোর দেবে বার্সেলোনা। 
 
আপিল করার জন্য ১০ দিন সময় পাবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।  
 
নিষেধাজ্ঞা বহাল থাকলে আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া লা লিগার এবারের মৌসুমের প্রথম চারটি ম্যাচ খেলতে পারবেন না পিকে। এই চার ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ যথাক্রমে আথলেতিক বিলবাও, মালাগা, আতলেতিকো মাদ্রিদ ও লেভান্তে।