২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের জন্য ‘বাজে’ দিন

টাইব্রেকারে বাংলাদেশের খেলোয়াড়দের একটা শটও রুখতে পারেনি ভারতের গোলরক্ষক অধিনায়ক। সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মুকুট হারানোর পর দিনটি তাই তার জন্য খুবই ‘বাজে’। আর অতিথি দলটির কোচ জানালেন, ভাগ্যকে পাশে না পাওয়ার হতাশার কথা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 09:29 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার চ্যাম্পিয়নশিপের ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। এরপর টাইব্রেকারে অভিজিৎ সরকারের শট বারে লাগার পর মোহাম্মদ সাকলাইন খানের শট অসাধারণ দক্ষতায় বাংলাদেশ গোলরক্ষক ফেরালে ভারতের শিরোপা ধরে রাখার স্বপ্ন গুঁড়িয়ে যায়। সমতায় ফেরার পর এভাবে হেরে যাওয়ায় তাই হতাশ অতিথি দলের অধিনায়ক প্রভসুখান সিং।

“পিছিয়ে পড়লেও আমরা সমতায় ফিরেছিলাম এবং সমতায় ফেরার পর গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারিনি। এটা আমাদের জন্য বাজে দিন ছিল।”

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই মিডফিল্ডার মোহাম্মদ শাওনের ক্রস বক্সের জটলার মধ্যে পেয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ফাহিম মুর্শেদ। ৬৩তম মিনিটে অবিনাশের দূরপাল্লার শটে সমতায় ফিরলেও টাইব্রেকারে শেষ রক্ষা হয়নি গত আসরের চ্যাম্পিয়ন ভারতের।

ম্যাচে শেষের প্রতিক্রিয়ায় ভাগ্যকে পাশে না পাওয়ার কথা জানান ভারত কোচ বিতান সিং, “বাংলাদেশ আজ ভাগ্যবান আর আমরা দূর্ভাগা ছিলাম।”

তবে টানা চার ম্যাচ জিতে টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের প্রশংসা করতে ভোলেননি ভারত কোচ; বিশেষ করে প্রতিপক্ষ দলের মিডফিল্ডার সাদউদ্দিনকে বেশ মনে ধরেছে তার, “ছেলেটা (সাদউদ্দিন) বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ।”

টাইব্রেকারে বাংলাদেশের ফাহিম মুর্শেদ, জাহাঙ্গীর আলম, আতিকুজ্জামান ও সাদউদ্দিনের দারুণ সব শট গোলরক্ষককে বোকা বানায়। ভারতের অভিজিৎ সরকারের শট বারে লাগার পর মোহাম্মদ সাকলাইন খানের শট অসাধারণ দক্ষতায় গোলরক্ষক ফয়সাল আহমেদ রুখে দিতেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়।

২০০৩ সালে সাফ গেমসে বাংলাদেশ জাতীয় দল সর্বশেষ শিরোপা জিতেছিল। ওই সাফল্যের পর সাফের জাতীয় দলের বা বয়সভিত্তিক কোনো দলের আসরে বাংলাদেশের শিরোপা না জেতার হতাশা ঘুচল এবার।