বাবা জিদানের অধীনে অধিনায়ক এনজো
জিনেদিন জিদানের অধীনে রিয়াল মাদ্রিদ ‘বি’ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তারই ছেলে এনজো জিদান।
স্পেনের জনপ্রিয় ক্লাবটির ‘সি’ থেকে ‘বি’ দলে উঠে আসার পর অল্প কিছু দিনের মধ্যেই অধিনায়ক হলেন এনজো। ২০ বছর বয়সী এই খেলোয়াড়ের নেতৃত্বে আগামী সপ্তাহ থেকে নতুন মৌসুম শুরু করবে ‘কাস্তিয়া’ নামে পরিচিত রিয়ালের ‘বি’ দলটি।
২০১৪ থেকে কাস্তিয়ার কোচের দায়িত্বে আছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা জিনেদিন জিদান।
এরই মধ্যে মাঠে নেতৃত্ব দেওয়ার কিছু অভিজ্ঞতাও হয়েছে এনজোর। নতুন মৌসুম শুরুর আগে তিনটি প্রীতি ম্যাচে কাস্তিয়াকে নেতৃত্ব দেন তিনি।
