ব্রাজিলের কৌতিনিয়োয় রক্ষা লিভারপুলের
প্রিমিয়ার লিগের শুরুতে চেলসি ও আর্সেনালের মতো হোঁচট খেতে বসেছিল লিভারপুলও। তবে স্টোক সিটির বিপক্ষে ম্যাচের শেষ দিকে ফিলিপে কৌতিনিয়োর দারুণ গোলে জয় দিয়েই মৌসুম শুরু করল ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটি।
রোববার স্টোকের মাঠে ম্যাচের ৮৬তম মিনিটে দুর্দান্ত গোলটি করেন কৌতিনিয়ো। ডি-বক্সের বাইরে বল পায়ে বেশ কিছুটা আড়াআড়ি দৌড়ে অনেকখানি দূর থেকে জোরালো শটে গোলটি করেন ব্রাজিলের এই মিডফিল্ডার।
দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ২-০ গোলে হারে গত মৌসুমে লিগে তৃতীয় হওয়া আর্সেনাল। আর নিউক্যাসল ইউনাইটেড-সাউথ্যাম্পটনের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
আসরের উদ্বোধনী দিন শনিবার সোয়ানসি সিটির বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি।
আর উদ্বোধনী ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড আত্মঘাতী গোলের সৌজন্য টটেনহ্যাম হটস্পারকে হারায়।
