এশিয়ান দাবায় লিজার জয়, জিয়ার ফের ড্র
এশিয়া কন্টিনেন্টাল দাবায় ফের ড্র করেছেন জিয়াউর রহমান। এ নিয়ে টানা তিন রাউন্ডে ড্র করলেন বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার। তবে চতুর্থ রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আখতার লিজা।
সংযুক্ত আরব আমিরাতের আল আইনে বুধবার উন্মুক্ত বিভাগে ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার নগাইয়েন নগক তুরং সনের সঙ্গে ড্র করেন জিয়া। ২.৫ পয়েন্ট পাওয়া বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার পঞ্চম রাউন্ডে ভারতের গ্র্যান্ডমাস্টার এস.পি সেথুরামানের বিপক্ষে খেলবেন।
এই রাউন্ডে বাংলাদেশের অপর দুই গ্র্যান্ডমাস্টারের মধ্যে আবদুল্লাহ আল রাকিব নেপালের কেশব শ্রেষ্ঠার সঙ্গে ড্র করেছেন। আর এনামুল হোসেন ভারতের গ্র্যান্ডমাস্টার এম.আর ললিথ বাবুর কাছে হেরেছেন।
চতুর্থ রাউন্ড শেষে এনামুল ও রাকিব দুজনেরই পয়েন্ট ২ করে।
মেয়েদের বিভাগে বাংলাদেশের শামীমা আক্তার লিজা সিরিয়ার মির আফামিয়া মাহমুদকে হারিয়েছেন। ২ পয়েন্ট পাওয়া এই মহিলা আন্তর্জাতিক মাস্টার পরের রাউন্ডে কাজাখস্তানের গুলিসখান নাখবায়েভার বিপক্ষে খেলবেন।
উন্মুক্ত বিভাগের সেরা পাঁচ দাবাড়ু আগামী মাসে আজারবাইজানে হতে যাওয়া বিশ্বকাপ দাবায় এশিয়া থেকে খেলার সুযোগ পাবে। মেয়েদের বিভাগের চ্যাম্পিয়ন পাবেন বিশ্বকাপে খেলার টিকেট।
এই আসরে ৩০টি দেশের ৪৮ জন গ্র্যান্ডমাস্টার, ৩১ জন আন্তর্জাতিক মাস্টার ও ১৬ জন ফিদে মাস্টার অংশ নিচ্ছেন।
