২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আক্ষেপ নেই, শেষ সময়টা উপভোগ করছেন সুয়ারেস

ক্যারিয়ারের অন্তিম লগ্ন যতটা সম্ভব উপভোগ করে যেতে চান লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 04:31 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

অধিনায়ক হলেও খেলার কোনো নিশ্চয়তা নেই লুইস সুয়ারেসের। জয় দিয়ে শুরুর পর দুটি ম‍্যাচে তাকে স্বল্প সময়ের জন‍্য মাঠে নামিয়েছিলেন কোচ মার্সেলো বিয়েলসা। এ নিয়ে একটুও আপত্তি নেই সুয়ারেসের। বরং সব কিছু উপভোগ করছেন শেষের ডাক শুনতে পাওয়া উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। 

চলতি কোপা আমেরিকার গ্রুপ পর্বে দারুণ ফুটবল উপহার দিয়েছে উরুগুয়ে। তিন ম্যাচে ৯ গোল করে অপরাজিত থেকেই কোয়ার্টার-ফাইনালে নাম লিখিয়েছে যৌথভাবে টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ শিরোপাজয়ীরা।

আক্রমণভাগে সেরা ছন্দে দেখা যাচ্ছে মাক্সিমিলিয়ানো আরাউহো, দারউইন নুনেসদের। তাই ৩৭ বছর বয়সী সুয়ারেসের একাদশে জায়গা পাওয়াই কঠিন। পানামার বিপক্ষে দলের জয় দেখেন বেঞ্চে বসে।

পরে বলিভিয়া ও যুক্তরাষ্ট্র ম্যাচ মিলিয়ে মাত্র ৮ মিনিট খেলার সুযোগ পান সুয়ারেস। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ৬৮ গোল করা স্ট্রাইকারের তেমন অবদান ছাড়াই ছুটছে উরুগুয়ে। আর দলের সাফল্য দেখে তুষ্ট সুয়ারেসও।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় রোববার সকালে ব্রাজিলের মুখোমুখি হবে উরুগুয়ে। ম্যাচের দিন সংবাদ সম্মেলনে সুয়ারেস জানান, ক্যারিয়ারের অন্তিম লগ্নে পৌঁছে যাওয়ার বিষয়টি টের পেতে শুরু করেছেন তিনি।

“প্রতিটি মুহূর্ত খুব উপভোগ করছি আমি। বয়স যত বাড়বে, সবকিছু অনেক উপভোগ করবেন। সেটা হোক অনেক বেশি খেলা বা কম সময়। কারণ আপনি জানেন, (আপনার জন্য) ফুটবলের দীপ্তি ধীরে ধীরে নিভে যাচ্ছে।”

“এখন আমি শুধু স্কোয়াডের আরেকজন খেলোয়াড় মাত্র। আপনারা এরই মধ্যে সেটি দেখেছেন। খেলি বা না খেলি, আমি যা করছি তা নিয়ে খুশি আছি। যতটা সম্ভব দলকে সাহায্যের চেষ্টা করছি।”

ক্লাব ফুটবলে ইউরোপ অধ্যায়ের ইতি টেনে এখন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে খেলছেন সুয়ারেস। ইউরোপে থাকার সময়ে প্রজন্মের সেরা স্ট্রাইকারদের একজন ধরা হতো তাকে। সেরা সময়টা বার্সেলোনায় কাটানোর পর যোগ দেন আতলেতিকো মাদ্রিদে। সেখানে ২০২০-২১ মৌসুমে দলটির সবশেষ লিগ জয়ে রাখেন বড় অবদান।

ওই মৌসুমের শেষ দিকে লিগের ভাগ্য গড়ে দেওয়ায় বিশেষ ভূমিকা ছিল সুয়ারেসের। সেই পর্বটাকে আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে দেখেন ‘লুইস সুয়ারেস জোন’ হিসেবে। এবারের কোপা আমেরিকায়ও শেষ দিকে তেমন ঝলক দেখাবেন সুয়ারেস?

“আমি চাই না, এবারের কোপায় সেটি (সুয়ারেস জোন) ফিরে আসুক। কারণ এতে বোঝা যাবে, উরুগুয়ে ভালো খেলছেন এবং এটির প্রয়োজন নেই। যদি দরকার হয়, তাহলে আমরা থাকব। কারণ আমরা জাতীয় দলের হয়ে নতুন একটি অধ্যায় লেখতে চাই।”

“বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারিয়ে এই দলটি বড় বার্তা দিয়েছে। মাঠে যে কোনো দলকে হারানোর মাধ্যমে সেই সক্ষমতাটা তারা অর্জন করেছে। তাই সেটি প্রমাণের সময় এসে গেছে এবং এটি আমাদের জন্য দারুণ পরীক্ষা।”