১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভুটানের জালে এবার তৃষ্ণা-মুনকিদের ৩ গোল

সাফ উইমেন’স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা চতুর্থ জয় পেল বাংলাদেশ।

ভুটানের জালে এবার তৃষ্ণা-মুনকিদের ৩ গোল
জোড়া গোল করেছেন তৃষ্ণা রানী (বাঁয়ে), পাশে শিখা জাহান। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 10:00 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

আধা ঘণ্টারও বেশি অপেক্ষার পর মিলল গোলের দেখা। এরপর ভুটানকে আরও চেপে ধরে দুই গোল আদায় করে নিলেন তৃষ্ণা-মুনকিরা। সাফ উইমেন’স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা চতুর্থ জয় তুলে নিল বাংলাদেশ।

বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে বৃহস্পতিবার রাউন্ড রবিন লিগের ফিরতি দেখায় ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল উপহার দেন তৃষ্ণা রানী; অন্য গোলটি মুনকি আক্তারের।

প্রথম দেখায় ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

আসরে অজেয় যাত্রা ধরে রেখে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। শনিবার মেয়েরা ফের মুখোমুখি হবে শ্রীলঙ্কার; তাদেরকে ৯-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল স্বাগতিকরা। 

৩৩তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ভুটানের এক ডিফেন্ডার নিজেদের বক্সের মুখে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে পেয়ে যান তৃষ্ণা রানী। দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে একজনকে কাটিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি।

ব্যবধান দ্বিগুণ হয় ৬৫তম মিনিটে। গোল কিক নিতে গিয়ে পা পিছলে পড়ে যান ভুটান গোলরক্ষক। তবে তার বুটের হালকা স্পর্শে বল চলে যায় তার সতীর্থের কাছে। মুনকির চার্জে তিনিও বল হারালে পেয়ে যান তৃষ্ণা। ছুটে গিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।

৭৪তম মিনিটে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। স্বপ্না রানীর দূরপাল্লার শট লাফিয়ে ওঠা গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবারের ভেতরের কানায় লেগে পার হয় গোললাইন।

দিনের অন্য ম্যাচে, শ্রীলঙ্কাকে ৭-০ গোলে হারানো নেপাল ৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।