সুপার কাপে যে কারণে পিএসজির জন্য বাড়তি ড্রেসিং রুম
রেড বুল অ্যারেনায় শিরোপা লড়াইয়ে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি।
উয়েফা সুপার কাপের জন্য পিএসজিকে একটি অতিরিক্ত ড্রেসিং রুম দেওয়া হয়েছে।
মৌসুমের শুরুতে আগেরবারের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াই। অস্ট্রিয়ার সালসবুর্কের রেড বুল অ্যারেনায় বুধবার অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে টানা দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি।
রেড বুল অ্যারেনায় পিএসজি তাদের সুযোগ-সুবিধা নিয়ে অসন্তুষ্ট ছিল। উনাই এমেরির দল অ্যাস্টন ভিলা ব্যবহার করছে সালসবুর্কের হোম ড্রেসিং রুম। আর অ্যাওয়ে ড্রেসিং রুম পিএসজির জন্য বরাদ্দ রয়েছে।
কিন্তু গত সোমবার এক বৈঠকে পিএসজির কর্মকর্তারা উয়েফাকে জানান যে, তারা সুযোগ-সুবিধা নিয়ে খুশি নন। কারণ তাদের মনে হয়েছে, ড্রেসিং রুমটি খুব ছোট।
সূত্রের বরাত দিয়ে বিবিসি লিখেছে, ফরাসি ক্লাবটি ভিলার সমান আকারের জায়গা চেয়েছিল, বিশেষ করে তারা যেহেতু সুপার কাপের বর্তমান চ্যাম্পিয়ন।
এরপরই লুইস এনরিকের দলকে একটি বাড়তি ড্রেসিং রুম বরাদ্দ দিয়েছে উয়েফা, যাতে তারা ভিলার সমান এবং আরও বেশি জায়গা পায়। এই ড্রেসিং রুমটি সাধারণত কর্মকর্তারা ব্যবহার করেন।
২০ জন খেলোয়াড়ের দল নিয়ে এই সফরে গেছে পিএসজি, যার মধ্যে আছেন লিভারপুলের ‘টার্গেট’ বাহডলে বাহকোলা, মিডফিল্ডার ভিতিনিয়া ও লেফট-ব্যাক লুকা দিনিয়ে, যিনি গত রোববার ভিলা থেকে পিএসজিতে যোগ দিয়েছেন।
ইএসপিএন এর খবর, এই গ্রীষ্মে একজন ফরোয়ার্ডের খোঁজে থাকা লিভারপুলের পছন্দের তালিকার শীর্ষে আছেন বাহকোলা এবং তার প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে ইংলিশ ক্লাবটি। বাহকোলাও নাকি অ্যানফিল্ডে যেতে আগ্রহী।
ইতালির উদিনেতে গতবারের সুপার কাপে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও ২-২ সমতা টানে পিএসজি। পরে টাইব্রেকারে ৪-৩ গোলের জয় পায় এনরিকের দল।
