২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু অনুভূতি ভাষাহীন, যেমন সাবিনাদের সঙ্গে এবারের ভ্রমণ

সাবিনা-মারিয়াদের কেউ ছবি তোলায় ব্যস্ত, কেউ মশগুল খোশগল্পে, উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার চাপ আছে বটে, কিন্তু উচ্ছ্বাসের ঢেউ তাতে আড়াল হচ্ছে না মোটেও।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

কাঠমান্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2024, 07:02 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

সকাল সোয়া ১০টায় ফ্লাইট। বিমানবন্দরে পৌঁছালাম সাতটার আগে। মূল ফটক তখনও খোলেনি। প্রতীক্ষার প্রহর বড় অস্বস্তিকর; কিন্তু এবারের অনুভবে সে অস্বস্তির ছিটেফোঁটাও নেই! এরই মধ্যে সাবিনা-মারিয়া-কৃষ্ণাদের নিয়ে চলে এলো টিম বাস। মেয়েদের চোখে-মুখে উচ্ছ্বাস, বিজয়ীর বেশে নেপালে যাওয়ার আনন্দের লুকোচুরি। তৃপ্তিভরা দৃষ্টিতে তাকিয়ে থাকি সেদিকে। এমন করে যে এর আগে কখনও দেখা হয়নি!

হবেই বা কী করে? এর আগে যে এমন ক্ষণ কখনও কড়া নাড়েনি দৃষ্টির দুয়ারে। প্রথমবারের মতো উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ কাভার করতে যাওয়া ২০১৬ সালে, ভারতের শিলিগুঁড়িতে। প্রত্যাশা ছিল না আকাশচুম্বী। কেননা, মারিয়া-মনিকা-তহুরারা তখনও ‘বড়’ হয়ে ওঠেননি, খেলেন বয়সভিত্তিক দলে। 

তারপরও ওই আসরে ফাইনাল খেলেছিল বাংলাদেশ, গ্রুপ পর্বে উঠতিরাই ভারতকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে হয়েছিল গ্রুপ চ্যাম্পিয়ন। পরে মালদ্বীপকে ৬-০ গোলে উড়িয়ে উঠেছিল ফাইনালের মঞ্চে। শিরোপা লড়াইয়ে ফের দেখা ভারতের সাথে, এবার সঙ্গী ৩-১ গোলের হার। রানার্সআপ হওয়ার ভালোলাগাটুকু থাকল বটে, কিন্তু প্রাপ্তির পূর্ণতায় ভেসে যাওয়া হয়নি।

তিন বছর পর আরেকটি সাফ কাভার করতে নেপালের বিরাটরগরে যাওয়া। ততদিনে মনিকা-মারিয়াদের অভিজ্ঞতা বেড়েছে, কিন্তু তাদের কারো মধ্যমণি হয়ে ওঠা হয়নি। সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ৪-০ গোলে হেরে আবারও স্বপ্নের সমাধি। মেয়েরা দেশে ফিরল একরাশ হতাশা নিয়ে। বিরাট প্রত্যাশা নিয়ে বিরাটনগরে যাওয়া গণমাধ্যম কর্মীরাও ফিরলেন হতাশা নিয়ে। একই দশা ছিল আমারও।

২০১৬ ও ২০১৯ সাফ দেখাচ্ছিল গোলাম রব্বানী ছোটনের স্নেহ-শাসনে সাবিনা, মারিয়া, শামসুন্নাহার, নীলা, মাসুরাদের সাফল্য ক্ষুধা বাড়ছে। সেটা এমন পর্যায়ে গেল যে, ২০২২ সালের এসে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন! মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের পথচলা শুরুর পর পাকিস্তানকে ৬-০ গোলে গুঁড়িয়ে দিল মেয়েরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি এসেছিল অবিশ্বাস্য এক ঘোরলাগা চমক হয়ে। মেয়েদের সাফের পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করল বাংলাদেশ। প্রতিযোগিতার সফলতম দলটির বিপক্ষে সাফে এটিই ছিল মেয়েদের প্রথম জয়ের গল্প।

পরে সেমি-ফাইনালে ভুটানকে ৮-০ গোলে গুঁড়িয়ে আরও বড় হয় স্বপ্নের পরিধি। ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে মহাকাব্য লেখে বাংলাদেশ, ভাসে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের অনির্বচনীয় আনন্দে। 

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের গ্যালারিতে সেদিন বাঁধনহারা উল্লাসে মেতেছিল গুটিকয়েক দর্শক আর টুর্নামেন্ট কাভার করতে আসা বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা। দিনটি ছিল ১৯ সেপ্টেম্বর।

আগামী বৃহস্পতিবার ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের সাফের সপ্তম আসর। এবার বাংলাদেশ খেলবে চ্যাম্পিয়নের বেশে। সেই অভিযানে মঙ্গলবার সাবিনা-কৃষ্ণারা নোঙর ফেলেছেন কাঠমান্ডুতে। তাদের সাথেই বাংলাদেশ বিমানে চেপে নেপালে আসা এবং এই আসার পথটুকু জুড়ে চাক্ষুষ দেখা দৃশ্যগুলো অবর্ণনীয়।

সাবিনা-মারিয়াদের বিমানবন্দরে হাসিখুশি দেখা, মাতসুশিমা সুমাইয়া-ইয়ারজানদের মতো সাফ অভিযানে আসা নতুনদের মধ্যে চাপা উচ্ছ্বাস, সেলফি তোলার ব্যস্ততা, বাবা-মায়ের সঙ্গে ফোনে কথা বলার সময়ে চোখেমুখে জ্বলতে থাকা আনন্দের ঝিলিক, বিমানের উড়ানের কিছুটা বিলম্ব হওয়ার সময়টুকুতে গল্পে মেতে থাকা, সাফ জয়ী কোচ গোলাম রব্বানী ছোটনের অনুপস্থিতির হাহাকার, নেপালের ত্রিভুবন বিমানবন্দরে নামার পর কর্মকর্তাদের বরণ করে নেওয়া, ‘আবার চ্যাম্পিয়ন হও’ বলে পিঠ চাপড়ে দেওয়া- পাশে দাঁড়িয়ে দেখা এই দৃশ্যগুলোর বর্ণনা কীভাবে দেওয়া যায়?

ছোটনের জায়গায় বাংলাদেশের কোচ হওয়া পিটার জেমস বাটলারকে বলেই বসলাম, “বাটলার, আই অ্যাম আ সাফ উইনিং জার্নালিস্ট!” কৌতুকপূর্ণ হাসি দিয়ে এই ইংলিশ কোচ বললেন, “ইজ ইট, ইউ আর ‘স্ট্রাগলিং জার্নালিস্ট!’ কেন বাটলার সেটা বললেন, সে গল্প না হয় অন্য একদিন বলা যাবে!