২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনায় যোগ দিয়ে গার্সিয়া বললেন, ‘এখানে জিততে এসেছি’

নতুন চ্যালেঞ্জে কাজে নেমে পড়তে তর সইছে না এই স্প্যানিয়ার্ডের।

বার্সেলোনায় যোগ দিয়ে গার্সিয়া বললেন, ‘এখানে জিততে এসেছি’
হুয়ান গার্সিয়া। ছবি: বার্সেলোনা ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2025, 09:32 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

বার্সেলোনার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেরে দৃপ্ত কণ্ঠে হুয়ান গার্সিয়া দিলেন দলকে দু’হাত ভরে দেওয়ার প্রতিশ্রুতি। বললেন, এখানে তিনি জিততেই এসেছেন।

তরুণ এই গোলরক্ষককে দলে নেওয়ার চেষ্টা বেশ কিছুদিন ধরেই করছিল বার্সেলোনা। অবশেষে গত বুধবার তার পূর্বের ক্লাব এস্পানিওলের সঙ্গে সমঝোতায় পৌঁছায় কাতালান ক্লাবটি। সেখানে তার রিলিজ ক্লজের আড়াই কোটি ইউরো পরিশোধ করে তারা।

বার্সেলোনার সঙ্গে শুক্রবার ছয় বছরের চুক্তিতে সই করেন গার্সিয়া। এখানে তিনি ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত খেলবেন।

সকল আনুষ্ঠানিকতা সেরে নিজের লক্ষ্য আর স্বপ্নের কথা তুলে ধরেন ২৪ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক।

“আমি খুব খুশি। সত্যিই আমি এই দিনের অপেক্ষায় ছিলাম, এবং অবশেষে দিনটা এলো। আমার লক্ষ্য হলো, গোলরক্ষক হিসেবে উন্নতির ধারা অব্যাহত রাখা এবং অনেক কিছু জেতা, দলের হয়ে দারুণ সবকিছু অর্জন করা। এজন্যই আমি এখানে এসেছি।”

তাকে নিয়ে বার্সেলোনার মূল দলের গোলরক্ষক হলো চার জন। আগে থেকে আছেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন, ভয়চেখ স্ট্যান্সনি ও ইনিয়াকি পেনিয়া।

৩৩ বছর বয়সী টের স্টেগেন এক দশক ধরে বার্সেলোনার প্রথম পছন্দের গোলরক্ষক, কিন্তু চোটের কারণে গত মৌসুমের বেশিরভাগ সময় বাইরে থাকার পর শেষ দুটি ম্যাচের জন্য তিনি ফিরেছিলেন।

অবশ্য, ২৬ বছর বয়সী পেনিয়া নিয়মিত খেলার আশায় এই গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তাই ভবিষ্যত ভাবনাতেই প্রতিশ্রুতিশীল গার্সিয়াকে দলে টানল বার্সেলোনা। তিনি নিজেও নতুন চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে আছেন।

“এটি দারুণ একটি দল এবং তরুণ খেলোয়াড়দের নিয়ে এই প্রকল্পটা খুবই রোমাঞ্চকর; এই তরুণ খেলোয়াড়দের সম্পর্কে আমি আগে থেকেই জানি। এখানে সবার সঙ্গে কাজ শুরু করতে উন্মুখ হয়ে আছি।”

“নিজেকে আমি সাহসী গোলরক্ষক মনে করি, আমার রিফ্লেক্সও দারুণ ক্ষীপ্র এবং শূন্যে আমি ভালো কাজ করতে পারি।”