Published : 26 May 2026, 05:51 PM
ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপে খেলার অপেক্ষায় লামিনে ইয়ামাল। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বললেন, ভীষণ রোমাঞ্চিত এই তরুণ ফুটবলার। বার্সেলোনা তারকাকে সুযোগটি কাজে লাগাতে বললেন তিনি।
বিশ্বকাপের আঙিনায় সবচেয়ে সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের একজন হিসেবে এই আসরে অংশ নেবেন ইয়ামাল। যদিও ইতোমধ্যে তিনি নিজেকে প্রমাণ করেছেন যথেষ্ট, ক্লাব ও জাতীয় দলেও। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠেয় আসরে শক্ত ফেভারিটদের একটি স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি।
বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণার পরদিন মঙ্গলবার স্প্যানিশ সরকারি সম্প্রচারমাধ্যম আরটিভিই ও সংবাদ সংস্থা ইএফই আয়োজিত এক অনুষ্ঠানে ইয়ামালের কাছে নিজের চাওয়া জানিয়ে দিলেন দে লা ফুয়েন্তে।
“সে ভীষণ রোমাঞ্চিত। সে খুব তরুণ, কিন্তু বেশ পরিণত। সে জানে এটাই তার সুযোগ। আর জীবনে সুযোগ কাজে লাগাতে হয়। পরের বিশ্বকাপে কেমন থাকবেন, তা কেউ জানে না।”
“আর এটাই লামিনে ইয়ামালের জ্বলে ওঠার সময়। সে খুবই ভালো খেলোয়াড় এবং তার সতীর্থরা তাকে সেরাটা দিতে সাহায্য করলে সে আরও ভালো করবে। আমার মতে, আমাদের দলে অনেক পজিশনেই বিশ্বের সেরা খেলোয়াড়রা আছে, আর এটা তাকে আরও ভালো খেলতে সাহায্য করবে।”
চোটের কারণে ক্লাবের হয়ে মৌসুমের শেষ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি ইয়ামাল। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের শুরুতেও তাকে পাবে না স্পেন। নকআউট পর্বের কথা মাথা রেখে কোচও হয়তো তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইবেন না।