অপরাজেয় নরওয়ে, ‘ইউরোপে আটকা’ ব্রাজিল
দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে এই দুটি দল।
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হচ্ছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচটি শুরু হবে ৬ জুলাই ২টায় (এএম)।
এর আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান:
৫
সব প্রতিযোগিতা মিলিয়ে পঞ্চমবারের মতো মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে, বিশ্বকাপে দ্বিতীয়বার। কিন্তু দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান ব্রাজিল সমর্থকদের কপালে ভাঁজ ফেলতে পারে।
১৯৯৮ সালের বিশ্বকাপে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল নরওয়ে। সব মিলিয়ে দুই দলের আগের চার ম্যাচেই নরওয়ে অপরাজিত (দুই জয়, দুই ড্র)।
৬
ব্রাজিলের জন্য আরও উদ্বেগের বিষয় হলো, ২০০২ সালের ফাইনালে জার্মানিকে হারানোর পর থেকে, বিশ্বকাপে সবশেষ ছয়টি নকআউট পর্বের প্রতিটিতেই ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে হেরে সেলেসাওরা বাদ পড়েছে।
এই ছয়টি সাক্ষাতে ব্রাজিল হেরেছে ফ্রান্স (২০০৬ কোয়ার্টার-ফাইনাল), নেদারল্যান্ডস (২০১০ কোয়ার্টার-ফাইনাল), জার্মানি (২০১৪ সেমি-ফাইনাল), নেদারল্যান্ডস (২০১৪ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ), বেলজিয়াম (২০১৮ কোয়ার্টার-ফাইনাল) ও ক্রোয়েশিয়ার (২০২২ কোয়ার্টার-ফাইনাল) বিপক্ষে।
১
শেষ বত্রিশে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউটে প্রথম জয় পায় নরওয়ে। এই বিশ্বকাপের আগে বড় টুর্নামেন্টের (বিশ্বকাপ, ইউরো) নকআউটে দুটি ম্যাচ খেলে দুটিই হেরেছিল তারা, আর দুটিই ছিল ইতালির বিপক্ষে- ১৯৩৮ ও ১৯৯৮ সালের বিশ্বকাপে।
১৩
নিজের সবশেষ ১৩টি আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচের প্রতিটিতে গোল করেছেন নরওয়ের সবচেয়ে বড় তারকা আর্লিং হলান্ড। এই সময়ে তার মোট গোল ২৫টি। ব্রাজিলের জালে বল পাঠাতে পারলে, অষ্টম ইউরোপিয়ান ফুটবলার হিসেবে বিশ্বকাপে নিজের প্রথম চার ম্যাচে গোল করার কীর্তি গড়বেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
৪
চলতি বিশ্বকাপে চারটি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলের ব্রুনো গিমারাইস। ১৯৬৬ সালে রেকর্ড রাখা শুরুর পর থেকে বিশ্বকাপের এক আসরে ব্রাজিলের হয়ে তার চেয়ে বেশি অ্যাসিস্ট আছে শুধু পেলের (১৯৭০ সালে ছয়টি)।
