জর্ডানকে উড়িয়ে দিল বাংলাদেশ
জর্ডানের বিপক্ষে প্রীতি ম্যাচে জালের দেখা পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড়।
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই শুরুর আগে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। দাপুটে ফুটবল খেলে জর্ডানকে প্রীতি ম্যাচে উড়িয়ে দিয়েছেন ফাতেমা-পায়েলরা।
আম্মানে বৃহস্পতিবার ৫-০ গোলে জিতেছে বাংলাদেশ। জালের দেখা পেয়েছেন ফাতেমা আক্তার, রিয়া, মৌসুমী আক্তার, উম্মে কুলসুম ও কুমারী পায়েল রানী।
বাছাইয়ে ‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপিন্স ও উজবেকিস্তান। এই গ্রুপের খেলাগুলোর আয়োজক উজবেকিস্তান। আগামী ৮ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই শুরু করবে বাংলাদেশ। ১১ অক্টোবর মুখোমুখি হবে ফিলিপিন্সের।
এই বাছাই সামনে রেখে আম্মানে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল।
বড় ব্যবধানে জয় পেলেও শুরুর দিকের জড়তা এবং নষ্ট হওয়া সুযোগগুলো নিয়ে হতাশ কোচ সাইফুল বারী টিটু। বাছাইয়ের আগে তিনি আরও উন্নতির তাগিদ দিলেন আলপি-রিয়াদের।
“শুরুটা আমাদের যত ভালো হওয়ার কথা ছিল, অতটা হয়নি। শুরুর সুযোগগুলো নষ্ট হয়েছে। আমার মনে হয়, মেয়েদের মানিয়ে নিতে একটু সময় লেগেছে; যেহেতু আমরা শুধু একদিন অনুশীলন করেছি (এখানে এসে)। মেয়েদের অনেকে বলছে গলায় সমস্যা হচ্ছে, শ্বাস নেওয়ার একটু সমস্যা ছিল। কিন্তু আস্তে আস্তে আমরা খেলায় ফিরেছি এবং আমি মনে করি, মেয়েরা দ্বিতীয়ার্ধে অনেক বেশি আধিপত্য করেছে।
“অনেক উন্নতির জায়গা আছে। কেননা, আমরা যেভাবে কাজ করেছিলাম, ইন পজিশন, আউট অব পজিশনে-এগুলো হচ্ছিল না (শুরুতে), কিন্তু দ্বিতীয়ার্ধে সেগুলো মেয়েরা করতে পেরেছে। আমার মনে হয় আরও উন্নতি দরকার। কেননা, এএফসি টুর্নামেন্ট, অনেক শক্তিশালী প্রতিপক্ষ সেখানে, আমাদের এমনভাবে খেললে হবে না। পরের প্রীতি ম্যাচে ঠিক আমরা যেভাবে চাই, সেভাবে খেলতে হবে। তবে, ৫-০ ব্যবধান অনেক বড় ব্যবধানে জয়।”
