১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘নিজের স্বার্থে’ ক্লাব বিশ্বকাপ নাও খেলতে পারেন ডে ব্রুইনে

চোটের ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নিতে পারেন বেলজিয়ান তারকা।

‘নিজের স্বার্থে’ ক্লাব বিশ্বকাপ নাও খেলতে পারেন ডে ব্রুইনে
কেভিন ডে ব্রুইনে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 03:31 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

ম্যানচেস্টার সিটির সঙ্গে কেভিন ডে ব্রুইনের চুক্তি শেষ হবে ৩০ জুন। এই সময়ের মধ্যে সিটি ক্লাব বিশ্বকাপে খেলবে তিনটি ম্যাচ। রাখঢাক না করে ডে ব্রুইনে জানিয়েছেন, নিজের স্বার্থের কথা ভেবে এই ম্যাচগুলো তিনি নাও খেলতে পারেন।

ডে ব্রুইনের এমন ভাবনার কারণ, সম্ভাব্য চোট শঙ্কা। এক দশক সিটির হয়ে ছয়টি লিগ শিরোপা জেতা, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জেতা এই বেলজিয়ান মিডফিল্ডার চাচ্ছেন না, বিদায় বেলায় চোটে আক্রান্ত হয়ে নিজের ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলতে।

এ কারণে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে খেলার আগ্রহ নেই ডে ব্রুইনের। এফএ কাপ ফাইনালের পর দা আথলেতিকের সাথে আলাপে ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার বলেছেন, নিজের দিকটাও দেখতে হবে তাকে।

“আমি মনে করি, একভাবে আমাকেও নিজের প্রতি খেয়াল করতে হবে। কেননা, যদি ক্লাব বিশ্বকাপে গিয়ে চোটে পড়ি, তাহলে আমি কি করব? সে সময় তো কেউ আমার যত্ন নেবে না।”

“তাই, ক্লাব বিশ্বকাপে আমার না খেলার বড় সম্ভাবনা আছে। অবশ্য এটা আমি (নিশ্চিত) জানি না। আমি স্রেফ একজন খেলোয়াড়। নিজে নিয়ম তৈরি করি না। এটা নিয়ে আমি কিছু করতেও পারব না। তাই দিন শেষে, যেটা বলছি, সম্ভবত আমাকেই নিজের দিকটা দেখতে হবে।”

৩২ দলের ক্লাব বিশ্বকাপ আগামী ১৪ জুনে শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই।