২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির সঙ্গেই অবসর নিতে চান সুয়ারেস

একসঙ্গে অবসর নেওয়া নিয়ে বন্ধু লিওনেল মেসির সঙ্গে নিয়মিতই আলোচনা হয়, জানালেন লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 01:39 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

দুজনের সম্পর্কের শুরু বার্সেলোনায়। ক্রমে তা পোক্ত হয়েছে সময়ের সঙ্গে। একসময় দুজনের পথ বেঁকে যায়। তবে সতীর্থ ছাড়িয়ে বন্ধুত্বের বন্ধন রয়ে যায়। সময়ের পরিক্রমায় এখন তারা আবার একই ঠিকানায় আছেন। শেষটাও দুজন করতে চান একসঙ্গে। লুইস সুয়ারেস জানালেন, একসঙ্গে অবসর নেওয়া নিয়ে লিওনেল মেসির সঙ্গে নিয়মিতই আলোচনা হয় তার।

লিভারপুল থেকে ২০১৪ সালে বার্সেলোনায় এসে মেসিকে সতীর্থ হিসেবে পান সুয়ারেস। কাতালান ক্লাবটিতে ছয় বছরের পথচলায় তারা দুজন তো বটেই, দুজনের পরিবারও হয়ে ওঠে ঘনিষ্ঠ। ২০২০ সালের সেপ্টেম্বরে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন সুয়ারেস। এই ক্লাবের প্রতি তিক্ততার কথাও লুকাননি তিনি পরে কখনও। কিন্তু মেসির সঙ্গে বন্ধুত্ব রয়েই যায়।

মূলত মেসির টানেই গত বছর তিনি নাম লেখান ইন্টার মায়ামিতে। ক্যারিয়ারের এই পড়ন্ত বেলায় দুজনে মনের আনন্দে খেলে চলেছেন একই ক্লাবে।

এখানে তাদের চুক্তির মেয়াদ শেষ হবে মেজর লিগ সকারের এবারের মৌসুম শেষেই। পরের ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। তবে সুয়ারেস মঙ্গলবার বললেন, নিজের শেষটা মেসির সঙ্গেই ধরে রেখেছেন তিনি। 

“আমার মনে হয়, ক্যারিয়ারের এই পর্যায়ে আমাদের দুজনেরই যথেষ্ট বয়স হয়েছে। নিজেদের ভালোমন্দ মাথায় রেখে প্রত্যেক্যেই নিজের জন্য সেরা সিদ্ধান্তটি নেব আমরা।”

“আমার ক্ষেত্রে, এখনই কোনো সিদ্ধান্ত আমি নিচ্ছি না। তবে এটুকু বলতে পারি, তার (মেসি) সঙ্গে অবসর নিতে পারলে ভালো লাগবে আমার। বেশ কবছর ধরেই একসঙ্গে অবসর নেওয়া নিয়ে কথা হচ্ছে আমাদের এবং এটা হতে পারে।”

তবে একসঙ্গে অবসর যে শতভাগ হবেই, সেটি নিশ্চিত করলেন না ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। 

“এটা(একসঙ্গে অবসর) যেমন হতে পারে, তেমনি অনেক কিছু নির্ভর করতে তার চুক্তির নবায়ন, আমার চুক্তি, অনেক কিছুর ওপর। আমরা দুজনই চাইব সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে।”

চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে মেসির সঙ্গে মায়ামির যে আলোচনা চলছে, তা সংবাদমাধ্যমে এসেছে বেশ কবারই। কোনো সিদ্ধান্ত যদিও হয়নি। সুয়ারেসের নতুন চুক্তি নিয়ে সেভাবে কিছু জানা যায়নি।

তিনি নিজেও আপাতত তেমন কিছু ভাবতে চান না। অবসর বা সামনের অনিশ্চয়তায় না তাকিয়ে তিনি ডুব দিয়ে থাকতে চান বর্তমানের আনন্দে। 

“এখনকার সত্যিটা হলো, আমি খুশি, খুবই খুশি আছি। ব্যক্তিগতভাবে ভালো অনুভব করছি। মনে হচ্ছে দলকে সহায়তা করছি এবং ক্লাব যদি চায়, আমার মতে আমাদের কোনো আপত্তি থাকবে না, কারণ এখানে কিছুই আমাদের পিছু টেনে ধরার মতো নেই। আমরা দুজনই একটি জায়গায় আছি যে, ক্লাব হিসেবে ইন্টার মায়ামি দারুণভাবে গড়ে উঠছে, ভালো ফুটবলারদের এখানে নিয়ে আসার ধারাটা চলতে থাকবে এবং গুরুত্বপূর্ণ হলো, এই লিগও বেড়ে উঠছে।”

“এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বললে… কে জানে কী হয়! ফুটবলে সবসময়ই সবার পরিকল্পনা থাকে। কখনও সেটা ভালোভাবে এগোয়, কখনও ভালো হয় না। মূর ব্যাপার হলো, এখন আমি কীভাবে আছি। আমি এখন ইন্টার মায়ামিতে আছি, ভালো আছি। এরপর দেখব, সামনে কী হয়।”