২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অতীতে বাস করি না, তবে সাফের শিরোপাই লক্ষ্য’, বললেন বাটলার

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার অভিযানে নিজেদের সেরাটা বের করে আনার দিকে জোর দিচ্ছেন বাংলাদেশ কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2024, 06:46 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার অভিযান শুরু কদিন পরেই। ঘুরেফিরে তাই আসছে ২০২২ সালের অর্জনের গল্প। মুকুট এবার ধরে রাখতে পারবে তো মেয়েরা? জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার অবশ্য অতীত নিয়ে পড়ে থাকতে চান না। বর্তমানে থেকে, ইতিবাচক থেকে সেরাটা নিংড়ে দিয়ে সাফল্যের পুনরাবৃত্তির ছক কষছেন এই ইংলিশ কোচ।

নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী ১৭ অক্টোবর শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। দুই বছর আগের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছিল বাংলাদেশ।

সেবার বাংলাদেশ বাজিমাত করেছিল দেশি কোচ গোলাম রব্বানী ছোটনের হাত ধরে। ছোটন সরে দাঁড়ানোর পর তার জায়গায় আসেন বাটলার। ইংলিশ এই কোচের তত্ত্ববধানে বসুন্ধরা কিংস অ্যারেনায় শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দল।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বাংলাদেশ। গতবার অপরাজিত চ‍্যাম্পিয়ন হওয়ার পথে গ্রুপ পর্বের ম্যাচে তাদের ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল মেয়েরা। মুঠোভরে পাওয়া সেই সাফল্য ও এর পুনরাবৃত্তির সম্ভাবনার আলোচনায় খুব একটা যেতে চান না বাটলার, তিনি থাকতে চান বর্তমানে।

“শিরোপাধারী হিসেবে, আমি এগুলো দেখছি না। কেননা, সেটা এখন ইতিহাস। আমি মনে করি, কেউ অতীতে বাস করে না। অতীতের অর্জন… আমি সেই ঘরানার মানুষ, যে বর্তমান দেখি। ভবিষ্যতে, সামনের দিকে তাকাই। আমি মনে করি, সামনের দিকে তাকানো গুরুত্বপূর্ণ।”

“অতীতে যা হয়েছে, সেটা ঘটে গেছে। ভিন্ন একটা দল, মানসিকতাও ভিন্ন, তবে লক্ষ্য একই। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, নিজেদের দিকে তাকিয়ে বর্তমানে থাকা। অতীতে বাস করা নয়।”

মেয়েরা সবশেষ প্রীতি ম্যাচ খেলেছে গত জুলাইয়ে। ভুটানের বিপক্ষে। সবশেষ ম্যাচের স্মৃতি সাবিনা-মারিয়াদের জন্য আনন্দের; ৪-২ গোলে সেই ম‍্যাচে জিতেছিল দল। বাটলারের মনে হচ্ছে, মাঝের সময়ে আরও কিছু ম্যাচ খেলতে পারলে প্রস্তুতি সেরে নেওয়া যেত ঠিকঠাক।

“এই দলের কিছু প্রীতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো, কিন্তু সেটা হয়নি। এটা নিয়ে অভিযোগ নেই। আপনারা জানেন পরিস্থিতি… বাফুফের নির্বাচন। হয়তো যেভাবে আমরা প্রস্তুতি নিতে চেয়েছি, সেভাবে নিতে পারিনি। তো সেটা নিয়ে হা-হুতাশের কিছু নেই। ইতিবাচক থেকে নিজেদের সম্ভাব্য সেরাটা নিংড়ে বের করে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ।”