পিএসজির মাঠে ফেরার প্রতিক্রিয়াকে পাত্তা দিচ্ছেন না এমবাপে
পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে পাড়ি জমানো তারকা তার পুরোনো আঙিনায় ফিরছেন দেশের হয়ে ম্যাচ খেলতে।
‘ঘরের ছেলে’ এখন কিছুটা পর হয়ে গেছে। কিছুটা বিরূপ প্রতিক্রিয়ার শঙ্কা থাকেই। যদিও দেশের জার্সিতে মাঠে নামছেন কিলিয়ান এমবাপে। তবু পিএসিজির মাঠে তাকে কীভাবে গ্রহণ করবেন স্থানীয় দর্শকেরা, কৌতূহল থাকছে। এমবাপের অবশ্য দাবি, এসব নিয়ে তার বিন্দুমাত্র ভাবনা নেই। ফরাসি অধিনায়কের ভাবনাজুড়ে কেবল দলের জয়।
পিএসজির এমবাপে রেয়াল মাদ্রিদের হয়ে গেছেন এই মৌসুম থেকে। ক্লাব ফুটবলে নতুন দেশে যাওয়ার পর নিজ দেশের জার্সিতে প্রথমবার মাঠে নামবেন তিনি শুক্রবার। উয়েফা নেশন্স লিগের ‘এ’ লিগে গ্রুপ ‘টু’-তে ফ্রান্সের প্রতিপক্ষ ইতালি।
খেলা হবে সেই মাঠে, ছয় বছর ধরে যা ছিল এমবাপের ঘরের মাঠ। তবে এখন আর তিনি এখানে ঘরের ছেলে নন। ছয় বছরের চেনা আঙিনায় নামবেন একটু ভিন্ন পরিচয়ে। এই শহরের ক্লাব ছেড়ে যাওয়ার পর দর্শকদের ভিন্ন প্রতিক্রিয়া দেখানোর শঙ্কা তাই উড়িয়ে দেওয়া যায় না।
তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমবাপে বললেন, তার ভাবনার জগতে ঠাঁই পাচ্ছে না এসব।
“কোন ধরনের অভ্যর্থনা পাব? খুব বেশি প্রত্যাশা নেই আমার। ভাবছিই না ওসব। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দলের জয়।”
ক্লাব ফুটবলে নতুন ঠিকানা বেছে নিলেও মানসিকভাবে পুরোনো স্বস্তির আশ্রয় খুঁজে পেয়েছেন বলে জানালেন ২৫ বছর বয়সী তারকা।
“আমি এখন এমন জায়গায় আছি (মানসিকভাবে), যেখানে সবসময় থাকতে চাই। গত বছর এখান থেকে একটু দূরে সরে গিয়েছিলাম।”
“ক্যারিয়ারজুড়েই সবসময় হারতে ঘৃণা করেছি আমি। গত বছর আমি কেবল জিততেই চেয়েছি। এখন আবার আগের মানসিকতায় ফিরতে পেরেছি, যেখানে হারতে ঘৃণা করি।”
রেয়ালের হয়ে তার শুরুটা হয়েছিল প্রথম ম্যাচেই গোল করে ও শিরোপা জিতে। উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে জয়ের ম্যাচে জালের দেখা পান তিনি। তবে লিগের শুরুতে তিনি ছিলেন বিবর্ণ। লা লিগায় প্রথম তিন ম্যাচে গোলের স্বাদ পাননি। অবশেষে সবশেষ ম্যাচে জোড়া গোল করেছেন সময়ের সেরা ফুটবলারদের একজন।
সেই ম্যাচের পারফরম্যান্স এখন জাতীয় দলেও বয়ে আনতে চান এমবাপে।
“রেয়াল মাদ্রিদে খুবই ভালো আছি আমি। সবকিছু ভালোভাবে যাচ্ছে। এর মধ্যেই একটি ট্রফি জিতেছি আমরা।”
“পারফরম্যান্সের কথা বললে, ভালো থেকে আরও ভালো হচ্ছে। গোল করে যাচ্ছি। ফ্রান্সের অনুশীলন ক্যাম্পে আমি সসময়ই একই প্রাণশক্তি নিয়ে আসি। এবারও যতটা সম্ভব চেষ্টা করব ফ্রান্সকে জিততে সহায়তা করতে।”
