Published : 30 Jun 2026, 10:14 PM
বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে সুইডেনের মুখোমুখি হচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ বত্রিশের ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৩টায়।
তার আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান:
২৪
আন্তর্জাতিক ফুটবলে এই নিয়ে ২৪ বারের মতো মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও সুইডেন। আগের ২৩ ম্যাচের মধ্যে ফ্রান্সের জয় ১২টি, সুইডেনের ৬টি, ড্র হয়েছে অন্য ৫টি।
৩
বড় টুর্নামেন্টে এটি হবে তাদের তৃতীয় সাক্ষাৎ, বিশ্বকাপে প্রথম। ২০১২ সালের ইউরোয় সুইডেন জিতেছিল ২-০ গোলে এবং এর ২০ বছর আগে ইউরোর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
৬
বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে নিজেদের সবশেষ ৬ ম্যাচেই জিতেছে ফ্রান্স। এই প্রতিযোগিতার ইতিহাসে কোনো দলই উয়েফাভুক্ত দলগুলোর বিপক্ষে টানা ৭ ম্যাচ জিততে পারেনি।
৩
গ্রুপ পর্বে তিন ম্যাচেই জিতেছে ফ্রান্স। ১৯৯৮ বিশ্বকাপের পর এই প্রথম কোনো বড় টুর্নামেন্টে গ্রুপ পর্বের সব ম্যাচ জিততে পেরেছে তারা। ২৮ বছর আগের ওই বিশ্বকাপেই প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ফরাসিরা।
৪
বিশ্বকাপে নিজেদের সবশেষ চার ম্যাচের প্রতিটিতেই অন্তত তিনটি করে গোল করেছে ফ্রান্স। প্রতিযোগিতাটির ইতিহাসে কোনো দলই টানা পাঁচ ম্যাচে এমন কিছু করতে পারেনি।