১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনাকে এখনই ‘বাড়ি’ মনে হচ্ছে গর্ডনের

বার্সেলোনায় আসার পরপরই এই ক্লাব, এই শহর ও এখানকার মানুষের প্রেমে পড়ে গেছেন ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 01:57 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

এলাম, দেখলাম, প্রেমে পড়লাম! বার্সেলোনায় অ্যান্থনি গর্ডনের গল্পটা এখন এমনই। এখানে এসেই এই ক্লাব, এই শহর ও এখানকার মানুষের প্রেমে পড়ে গেছেন তিনি। কাতালান ক্লাবটিতে অভিষেক ম্যাচ রাঙিয়ে ইংলিশ উইঙ্গার বললেন, এই ক্লাবে যতদিন থাকবেন, ততই ভালো খেলতে পারবেন বলে বিশ্বাস তার।

এভারটনে ছয় মৌসুম ও নিউক্যাসল ইউনাইটেডে তিন মৌসুম কাটিয়ে এবার বার্সেলোনায় নাম লিখিয়েছেন গর্ডন। প্রাক-মৌসুমে খেলে নতুন ক্লাবের হয়ে তার অভিষেক হয়েছে রোববার। এলচের বিপক্ষে ৫-০ গোলের জয়ে দারুণ ছাপ রেখেছেন তিনি। বদলি হিসেবে ৬৪তম মিনিটে মাঠে নেমেও সহায়তা করেছেন দুটি গোলে।

ম্যাচের পর গর্ডন বললেন, মাত্র এই কদিনেই এই শহর ও এই ক্লাব তার আপন হয়ে গেছে। 

“আমার খুব ভালো লাগছে। এখানে আসার পর থেকেই খুব ভালো লাগছে। ছেলেরা আমাকে খুব আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে, এখনই আমার বাড়ির মতো লাগছে।

শহরটা অসাধারণ। এখানকার মানুষজন খুব বন্ধুত্বপূর্ণ। যতদিন এখানে থাকব, ততই ভালো খেলতে থাকব।”

নতুন মৌসুমটা যেভাবে শুরু করল বার্সেলোনা, তাতেও উচ্ছ্বসিত ২৫ বছর বয়সী উইঙ্গার। 

“এটা ছিল একদম শীর্ষ মানের পারফরম্যান্স। আমাদের শুরুটা নিখুঁত হয়েছে। পাঁচটি গোল করেছি এবং কোনো গোল হজম করিনি। আমরা চমৎকার ফুটবল খেলেছি, দারুণ কিছু গোল করেছি এবং আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ডিফেন্ডাররা শেষ মুহূর্তে কিছু চমৎকার ট্যাকল ও ব্লক করেছে। সব মিলিয়ে পরিপূর্ণ পারফরম্যান্স।”