শিরোপা জিতে ‘সমালোচকদের মুখ বন্ধ করতে চান’ ওডেগোর
শিরোপা জয়ের খুব কাছে গিয়ে এবার হতাশ হতে চান না আর্সেনাল অধিনায়ক।
গত কয়েকটি মৌসুম ধরেই দারুণ খেলছে আর্সেনাল। কিন্তু বারবারই শিরোপার খুব কাছে গিয়ে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হচ্ছে তাদের। তাই ইংলিশ ক্লাবটির গায়ে লেগে গেছে শেষ পর্যন্ত সফল হতে না পারার তকমা। এবার সেটাকে ঝেড়ে ফেলে ইতিহাস গড়তে দলকে ডাক দিয়েছেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগোর।
এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায়নি আর্সেনাল। ২০০৫ সালের পর প্রতিযোগিতাটির ফাইনালে আর উঠতে পারেনি তারা। গত আসরে সেই খরা কাটানোর খুব কাছে ছিল গানাররা। কিন্তু শেষ পর্যন্ত শেষ চারে গিয়ে ফের স্বপ্ন ভাঙে তাদের।
ইউরোপ সেরার মঞ্চে এবারও দুর্দান্ত খেলছে আর্সেনাল। এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। অপরাজিত পথচলায় মিকেল আর্তেতার দল এখন ফাইনালে ওঠার লড়াইয়ের মাঠে নামবে। মেত্রোপলিতানোয় বুধবার সেমি-ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় রাত একটায় শুরু ম্যাচ।
শুধু চ্যাম্পিয়ন্স লিগেই নয়, প্রিমিয়ার লিগেও একই অবস্থা আর্সেনালের। গত তিন মৌসুমেই শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ দিকে এসে পথ হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত তিনবাই রানার্স-আপ হয় লন্ডনের দলটি।
এবারও লম্বা একটা সময় অনেকটা ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে ছিল তারা। সম্ভাবনা জাগিয়েছিল ২২ বছর পর লিগ শিরোপা জয়ের। কিন্তু সেই ব্যবধান ঘুচিয়ে লড়াই জমিয়ে তুলেছে ম্যানচেস্টার সিটি।
৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে আপাতত চূড়ায় আছে আর্সেনাল। কিন্তু তাদেরকে টপকে শীর্ষে ওঠার সুযোগ রয়েছে সিটির সামনে, এক ম্যাচ কম খেলা দলটির পয়েন্ট ৭০।
বারবার এভাবে জয়ের কাছে গিয়েও ব্যর্থ হওয়ার কারণে যে তাকমা লেগেছে আর্সেনালের গায়ে, সেটা সরাতে চান ওডেগোর।
“যতক্ষণ না আমরা শিরোপা জিতছি, এই আলোচনা চলতেই থাকবে। এটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে, অভিজ্ঞতা ও শিক্ষাগুলোকে ভালোভাবে কাজে লাগাতে হবে। এটাই ফুটবল ও আমাদের যাত্রার অংশ।”
“আমাদের বর্তমানে থাকতে হবে। এখন আমরা খুবই ভালো করছি। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে আমরা দারুণ অবস্থায় আছি। আমাদের লক্ষ্য এখন এটাই, কীভাবে সেরাটা দেওয়া যায়।”
আগামী মঙ্গলবার ফিরতি লেগে ঘরের মাঠে স্প্যানিশ দলটির মুখোমুখি হবে আর্সেনাল।
