২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেভানদোভস্কির পারফর‌ম্যান্সে উচ্ছ্বসিত বার্সা কোচ

নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছেন বার্সেলোনার অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 02:06 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

বয়স পেরিয়ে গেছে ৩৬। তবে পারফরম্যান্সে মরচে তেমন একটা পড়েনি। বরং নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছেন রবের্ত লেভানদোভস্কি। তার এমন ছন্দ দেখে অবশ্য খুব একটা অবাক নন হান্সি ফ্লিক। বার্সেলোনার নতুন কোচ বললেন, এই ফরোয়ার্ডকে তিনি এই চেহারাতেই দেখে আসছেন বছরের পর বছর ধরে।

লেভানদোভস্কির গোলেই শনিবার লা লিগায় আথলেতিক বিলাবাওকে হারায় বার্সেলোনা। ২৪তম মিনিটে লামিনে ইয়ামালের নান্দনিক গোলের পর প্রথমার্ধেই সমতা ফিরেছিল ম্যাচে। ৭৫তম মিনিটে গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন লেভানদোভস্কি। 

মৌসুমের প্রথম ম্যাচে লেভানদোভস্কির জোড়া গোলেই ভালেন্সিয়াকে হারিয়েছিল বার্সেলোনা। দুই ম্যাচে তাই তিন গোল হয়ে গেল তার।

মৌসুমের শুরুতে লেভানদোভস্কির এমন ফর্মে দারুণ খুশি ফ্লিক। তবে চমকে যাননি তিনি। এই ফরোয়ার্ডকে তো তিনি এভাবে দেখতেই অভ্যস্ত! 

দুজনের বন্ধন বেশ পুরোনো। ফ্লিকের কোচিংয়ে বায়ার্ন মিউনিখে খেলেছেন লেভানদোভস্কি। ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে স্রেফ ৭১ ম্যাচে করেছেন ৮৩ গোল। চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন দুটি বুন্ডেসলিগা, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ ও আরও কয়েকটি শিরোপা।

নতুন ক্লাবে এসেও পুরোনো সেই লেভানদোভস্কির রূপই দেখার প্রত্যাশা কোচের। 

“রবের্তকে খুব ভালো করেই চিনি আমি এবং আমার মনে হয় না, তার ফর্মে ফেরার মতো কোনো ব্যাপার আছে। তাকে তো সবসময় এভাবেই পারফর্ম করতে দেখছি। সবসময়ই সে এখন খেলোয়াড়।”

“তার জন্য আমি খুবই খুশি। সে যে শুধু এত গোল করে, তা-ই নয়, তার সামগ্রিক প্রচেষ্টা দেখতে হবে। যেভাবে সে হাই-প্রেসিংয়ে নিজেকে মেলে ধরে এবং কার্যকর হয়ে ওঠে। আমাদের দলের সমন্বয়ের জন্য যা দারুণ।”

“শারীরিকভাবে এখনও সে শতভাগ ঠিক আছে। পুরোপুরি পেশাদার একজন সে, ফিটনেসকে যে দারুণ গুরুত্ব দিয়ে দেখে। সে জানে কীভাবে চাপ সামলাতে হয় এবং আজকে দ্বিতীয়ার্ধে ওরা সমতা ফেরানোর পর আমরা তা দেখেছি।”

“দ্বিতীয় গোলটি আমাদের দরকার ছিল। রবের্ত সুযোগটি পেয়েছে এবং কাজে লাগিয়েছে। এটাই তার কাজ এবং বছরের পর বছর ধরেই তা করে আসছে। সে দুর্দান্ত ফুটবলার।”

“অবশ্যই সে প্রথমার্ধে দু-একটি গোল করতে পারত। দিন শেষে, সে গোল স্কোরার এবং সবসময়ই গোল এনে দেয়। আজকে তার গোলই আমাদেরকে জিতিয়েছে এবং তিনটি পয়েন্ট এনে দিয়েছে।