শিগগিরই গোল পাবেন এমবাপে, বিশ্বাস আনচেলত্তির
রেয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাত ম্যাচে স্রেফ একটি গোল করতে পেরেছেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা।
মাঝে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পাওয়ার পর আবার যেন গোল করতে ভুলে গেছেন কিলিয়ান এমবাপে। তবে ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে দুর্ভাবনার কিছু দেখছেন না কার্লো আনচেলত্তি। রেয়াল মাদ্রিদ কোচের বিশ্বাস, বিশ্বকাপ জয়ী তারকার গোল পাওয়া স্রেফ সময়ের ব্যাপার।
রেয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাত ম্যাচে স্রেফ একটি গোল করতে পেরেছেন এমবাপে। ৪০০ মিনিটের বেশি কেটে গেছে তার গোলহীন। সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতেও ভুগছেন তিনি।
উয়েফা নেশন্স লিগে গত মাসের মতো এই মাসের দুটি ম্যাচেও ২৫ বছর বয়সী তারকাকে বাইরে রাখেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির সময়ে ক্লাবে অনুশীলন করেছেন এমবাপে। লা লিগায় রোববার লেগানেসের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, অনুশীলনে তারকা ফরোয়ার্ডকে খুব ভালো অবস্থায় দেখেছেন তিনি।
“সব দুর্দান্ত স্ট্রাইকারের ক্ষেত্রেই এমনটা (গোল-খরা) হয়ে থাকে। সে হতাশ হয়ে পড়তে পারত, তবে তার ক্ষেত্রে তেমনটি নয়। সতীর্থদের সঙ্গে অনুশীলনে তাকে অনুপ্রাণিত এবং খুশি দেখছি আমি।”
“শিগগিরই বা পরে এই ধারা (গোল-খরা) সে ভেঙে দেবে। আশা করি, আগামীকাল (রোববার) তার জন্য দারুণ একটি ম্যাচ কাটবে, এটি (গোল পাওয়া) সময়ের ব্যাপার। তার মান অবিশ্বাস্য এবং শিগগিরই বা কিছুদিন পরে তা সে দেখাবে।”
পিএসজি ছেড়ে এই মৌসুমে সান্তিয়াগো বের্নাবেউয়ে আসার পর রেয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ৮ গোল করেছেন এমবাপে। গত সেপ্টেম্বরে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচে ৬ গোল করলেও, তারপর থেকে জালের দেখা পেতে ভুগছেন তিনি।
মাঠে তার পজিশন নিয়েও আছে সমালোচনা। অনেকের মতে, তাকে বাম দিকে খেলানো উচিত। তবে এই পজিশনে খেলেন দলের সর্বোচ্চ স্কোরার ভিনিসিউস জুনিয়র। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পজিশন পরিবর্তন করতে নারাজ আনচেলত্তি।
“আমার মনে হয় না কিলিয়ান (এমবাপে) কখনও মাঠের পজিশনের জন্য আমাকে বলেছে, সবাই প্রথম একাদশে থেকে শুরু করতে চায়। তবে এমবাপে ও ভিনিসিউসের মাঠে নির্দিষ্ট পজিশন নেই। এটি নির্ভর করে ম্যাচের ওপর।”
১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে আছে শিরোপাধারী রেয়াল। এক ম্যাচ বেশি খেলে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
