১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারত-পাকিস্তান এক গ্রুপে, ভিন্ন গ্রুপে বাংলাদেশ

ফিফার নিষেধাজ্ঞা থাকায় ড্রয়ে নেই নেপাল; তবে তাদের খেলার পথ খোলা রেখেছে সাফ।

ভারত-পাকিস্তান এক গ্রুপে, ভিন্ন গ্রুপে বাংলাদেশ
বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 06:43 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চদশ আসরের ড্রয়ে ‘আপাতত’ সহজ পথই পেয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের সঙ্গে আছে শ্রীলঙ্কা ও ভুটান।

‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সাথে আছে মালদ্বীপ। ২০২৩ সালের মতো এবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পড়েছে একই গ্রুপে; সেবার গ্রুপ পর্বে পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ভারত।

ভুটানের রাজধানী থিম্পুতে শনিবার সাফের ড্র অনুষ্ঠিত হয়। এই ড্রয়ে রাখা হয়নি নেপালকে। গত বছরের জেন-জি আন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনে ফেডারেশনের উপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে দেশটিকে নিষেধাজ্ঞা দেয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

নেপালের জন্য আগামী নভেম্বরে সাফে খেলার সম্ভাবনার দুয়ার খোলা রেখেছে সাফ। সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসতে পারলে খেলার সুযোগ পাবে নেপাল। সেক্ষেত্রে তারা থাকবে বাংলাদেশের গ্রুপে। 

আগামী ৪ নভেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়ে ১৭ নভেম্বর শেষ হবে। টুর্নামেন্টের সব ম্যাচ হবে ঢাকায়। 

২০১৮ সালে সবশেষ এই প্রতিযোগিতা আয়োজন করে বাংলাদেশ। এর আগে ২০০৩ ও ২০০৯ সালের আয়োজক ছিল তারা। ২০০৩ আসরে নিজেদের একমাত্র শিরোপা জেতে বাংলাদেশ।

সবশেষ ২০২৩ সালে এই টুর্নামেন্ট হয় ভারতের বেঙ্গালুরুতে। সেবার শেষ চারে খেলে বাংলাদেশ।

প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন ভারত, এ পর্যন্ত নয়টি শিরোপা জিতেছে তারা। ভারতের বাইরে একাধিক শিরোপা আছে কেবল মালদ্বীপের। ২০০৮ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দ্বীপ দেশটি।

বাংলাদেশ ছাড়া একবার করে এই ট্রফি জিতেছে আফগানিস্তান (২০১৩), শ্রীলঙ্কা (১৯৯৫)।