Published : 03 Jul 2026, 05:24 AM
এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগ প্রিলিমিনারি রাউন্ডের যাত্রায় কঠিন পথ পেল রাজশাহী স্টার্স। তাদের গ্রুপে আছে ভারতের ঐতিহ্যবাহী দল ইস্ট বেঙ্গল।
মালয়েশিয়ার কুয়ালা লামপুরে বৃহস্পতিবার প্রতিযোগিতার তৃতীয় আসরের ড্র অনুষ্ঠিত হয়। ‘এ’ গ্রুপে রাজশাহী স্টার্সের অন্য দুই প্রতিপক্ষ গুয়ামের রোভার্স এফসি এবং স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফসিকে।
আগামী ১৭ থেকে ২৩ আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে প্রিলিনারি রাউন্ডের ম্যাচগুলো। ‘এ’ গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়।
২৪ দল ছয় গ্রুপে ভাগ হয়ে খেলবে। ছয় গ্রুপের চ্যাম্পিয়ন প্রিলিমিনারি রাউন্ড পেরিয়ে উঠবে গ্রুপ পর্বে। সেখানে তারা সঙ্গী হবে সরাসরি গ্রুপ পর্বে জায়গা করে নেওয়া প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন নাগোইয়াং উইমেন’স এফসি ও ক্লাব র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ দলের।
বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে উইমেন’স ফুটবল লিগে খেলতে যাচ্ছে রাজশাহী স্টার্স। ঋতুপর্ণা-আলপিদের নিয়ে গড়ে ওঠা দলটি ঘরোয়া লিগে প্রথম অংশ নেয় ২০২৫-২৬ মৌসুমে। অপরাজিত চ্যাম্পিয়ন হয় তারা।