‘রেয়াল তো ৫০ বার ঘুরে দাঁড়িয়েছে’, সিটিকে উজ্জীবিত করে বললেন কোচ
‘বিশ্বাস রাখতে হবে, পারিশ্রমিক তো কম পায় না’, রেয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধান ঘুচিয়ে দিয়ে দারুণ কিছু করার বিশ্বাস রাখতে বলছেন ম্যানচেস্টার সিটি কোচ।
কাজটা কঠিন, খুবই কঠিন। তবে প্রেরণা তো মিলতে পারে প্রতিপক্ষের কাছ থেকেই। চ্যাম্পিয়ন্স লিগে অভাবনীয়ভাবে ঘুরে দাঁড়ানোর আখ্যান তো কম নেই রেয়াল মাদ্রিদের! সেই উদাহরণ মেলে ধরেই দলকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন পেপ গুয়ার্দিওলা। দলকে দারুণ কিছু করার বিশ্বাস রাখতে বলছেন ম্যানচেস্টার সিটি কোচ।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে রেয়াল মাদ্রিদ। ভিনিসিউস জুনিয়র পেনাল্টি কাজে লাগাতে না পারায় আরও বড় হয়নি ব্যবধান।
রেয়াল মাদ্রিদের মতো দলের বিপক্ষে এই ব্যবধানও অবশ্য ঘুচিয়ে দেওয়া কঠিন। তবে হারার আগেই দলকে হারতে দেখতে চান না গুয়ার্দিওলা। দ্বিতীয় লেগে মঙ্গলবার নিজেদের মাঠে লড়াইয়ের আগে দলের প্রতি কড়া বার্তা দিলেন সিটি কোচ।
“ওরা (সিটির ফুটবলাররা) যদি বিশ্বাস না রাখে, এটা ওদের সমস্যা। ওরা সবাই পরিণত, পারিশ্রমিক তো কম পায় না! চ্যাম্পিয়ন্স লিগে ওদের যদি এই বিশ্বাস না থাকে, তাহলে বাড়ি ফিরে যাও, ঘরে থাকো। চেষ্টা তো করতে হবে, হারানোর কী আছে আমাদের!”
“মাদ্রিদ কি তাদের ইতিহাসে কখনও ঘুরে দাঁড়ায়নি? জানি না কতবার… ৫০ বার হবেই, চ্যাম্পিয়ন্স লিগে তারা ঘুরে দাঁড়িয়েছে। ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে কখনও ঘুরে দাঁড়ায়নি? অবশ্যই কাজটা কঠিন। তবে চেষ্টা করতে হবে আমাদের, লোকের সম্মানের জন্য, সমর্থকদের জন্য, নিজেদের দায়িত্বের জন্য মাঠে নেমে লড়াই করতে হবে।”
রেয়াল মাদ্রিদের কাছে ওই বড় পরাজয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগেও হোঁচট খেয়েছে সিটি। ড্র করে পয়েন্ট হারিয়ে তারা আরেকটু সহজ করে দিয়েছে শীর্ষে থাকা আর্সেনালের কাজ। দুই দলের ব্যবধান এখন ৯ পয়েন্ট, যদিও ম্যাচ একটি কম খেলেছে সিটি।
লিগের বাস্তবতা একরকম মেনেই নিচ্ছেন গুয়ার্দিওলা। তবু হাল ছাড়তে চান না তিনি। দলকে লড়িয়ে দেখতে চান তিনি অন্যান্য টুর্নামেনটগুলোতেও।
“(লিগে) আরও ৮ ম্যাচ বাকি আছে। আমাদের এটা মেনে নিতে হবে এবং মৌসুম ভালোভাবে শেষ করতে হবে। সম্ভাব্য সেরা কিছু করতে হবে। কালকের (মঙ্গলবার) ম্যাচ আছে আমাদের, প্রিমিয়ার লিগ আছে, এফএ কাপ আছে, আরেকটি টুর্নামেন্ট আছে (লিগ কাপ ফাইনাল)।”
“কাজেই উন্নতি আর উন্নতি ভাবতে হবে শুধু। যত দ্রুত উন্নতি করা সমভব, ততই ভালো, বর্তমানের জন্য ভালো, ভবিষ্যদের জন্যও, পরের মৌসুমের জন্য। এটাই আমাদেরকে করতে হবে।”
