Published : 04 Sep 2026, 08:38 PM
ডান ঊরুতে চোট পাওয়ার পর, পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ‘বাজে অবস্থা’ নিয়ে কঠোর সমালোচনা করেছেন নেইমার।
ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করায় বিরতির পর তারকা ফরোয়ার্ডকে আর মাঠে নামাননি সান্তোস কোচ। একই ম্যাচে চোটের ছোবলে উইঙ্গার আলভারো ও ডিফেন্ডার লুকাসকেও হারায় সান্তোস।
ম্যাচ শেষে মাঠের খারাপ অবস্থার কথা জানান নেইমার।
“ভিলা বেলমিরো স্টেডিয়ামের ম্যানেজারকে আমি ধন্যবাদ জানাতে চাই… আমার দেখা সবচেয়ে বাজে অবস্থায় মাঠ ছিল গতকাল। ম্যাচের একদিন আগে তারা মাটি আলগা করে ফেলায় মাঠে প্রচুর গর্ত ছিল।
“অবিশ্বাস্য!!! প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের পাশাপাশি মাঠের বিরুদ্ধেও খেলতে হয়েছে আমাদের…(এমন মাঠে) প্রথমার্ধে তিন জনের (চোট পাওয়া) বিস্ময়কর কিছু নয়… অভিনন্দন… অসাধারণ বাজে কাজ।”
ফিরতি লেগের এই ম্যাচ গোলশূন্য ড্র করে ব্রাজিল কাপের সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে পালমেইরাস। প্রথম লেগে ৩-০ ব্যবধানে জিতেছিল তারা।
পরে ইনস্টাগ্রামে ব্যাঙ্গাত্মক এক পোস্টে নেইমারকে খোঁচা মেরেছে পালমেইরাস।
“আমরা নুব্যাংক পার্কের মাঠের দায়িত্বে যারা আছেন তাদের অভিনন্দন জানাতে চাই... দিনটি যেমনই হোক না কেন, সেখানকার মাঠ সবসময় নিখুঁত ও গর্তমুক্ত থাকে, কারণ প্রতিদিন এর যত্ন নেওয়া হয়। বিশ্বাস করুন আর নাই করুন, প্রতিপক্ষ দলের জন্য একটি ভালো খেলার মাঠ দেওয়ার পাশাপাশি, আমাদের খেলোয়াড়রাও সেখানে দৌড়ানোর সময় বেশি নিরাপদ বোধ করে। কারণ, মাঠ সেখানে সবসময় সমান থাকে।
“এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে, পালমেইরাস গত পাঁচ বছরে সেরি আয় ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে কম চোট পাওয়া দল... অভিনন্দন, সত্যিই। অসাধারণ কাজ।”
চোখে জল নিয়ে মাঠ ছাড়া নেইমারের আগামী রোববার করিন্থিয়ান্সের বিপক্ষে খেলা অনিশ্চিত। লিগের পয়েন্ট তালিকায় ১৪ নম্বরে আছে সান্তোস। অবনমন অঞ্চল থেকে স্রেফ চার পয়েন্ট বেশি তাদের।