খেলোয়াড় কেনায় এত খরচ আগে কখনও করেনি ইপিএলের ক্লাবগুলো
আগের যে কোনো মৌসুমের চেয়ে এবারের দলবদলে প্রায় ৩০ কোটি পাউন্ড বেশি খরচ করেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।
এবারের গ্রীষ্মের দলবদলে যে ইংলিশ ক্লাবগুলো ব্যয়ের নতুন রেকর্ড গড়বে, তার আঁচ মিলেছিল আগেই। শেষ দিনে সেটাই পূর্ণতা পেল। আলেকসান্দার ইসাককে সাড়ে ১২ কোটি পাউন্ডে দলে নিয়ে ট্রান্সফার ফির নতুন ব্রিটিশ রেকর্ড গড়ল লিভারপুল। সেই সঙ্গে দলবদলে ৩০০ কোটি পাউন্ড খরচের নতুন রেকর্ড গড়ল প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।
শেষ দিনে আরও কয়েকটি উল্লেখযোগ্য চুক্তি হয়েছে। এর মধ্যে ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার ইয়োয়ান উইসার সাড়ে পাঁচ কোটি পাউন্ডে নিউক্যাসলে যোগ দেওয়ার খবরও বেশ আলোচনার জন্ম দেয়।
প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর কোনো এক মৌসুমের দলবদলে সর্বোচ্চ ব্যয় ছিল ২০২২-২৩ মৌসুমে, ২৭০ কোটি পাউন্ড। সেই সংখ্যা এবার অনেক ব্যবধানে পেছনে পড়ে গেল। সামনে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো তো এখনো বাকি।
অতীতের কোনো গ্রীষ্মের দলবদলের চেয়ে এবারের গ্রীষ্মে প্রিমিয়ার লিগের ২০ ক্লাব ৬৫ কোটি পাউন্ড বেশি খরচ করেছে। গ্রীষ্মে আগের সর্বোচ্চ ব্যয় হয়েছিল ২০২৩ সালে।
অবশ্য খেলোয়াড় বিক্রির মাধ্যমে কিছু অর্থ ফেরত এসেছে, তারপরও মোট খরচ ছুঁয়েছে নতুন রেকর্ড। ডেলয়েটের হিসাবে, খেলোয়াড় বিক্রি বাবদ অর্থ বাদ দিয়ে ক্লাবগুলোর এবারের মোট ব্যয় দাঁড়িয়েছে ১২০ কোটি পাউন্ড- যা গত গ্রীষ্মের তুলনায় ১১৪ শতাংশ বেশি এবং আগের সর্বোচ্চ রেকর্ডের (২০২২) চেয়েও ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আর্থিক সক্ষমতার বিচারে প্রিমিয়ার লিগ বাকি চার শীর্ষ ইউরোপীয় লিগের (বুন্ডেসলিগা, লা লিগা, সিরি আ, লিগ আঁ) চেয়ে আগে থেকেই এগিয়ে। এবারও তাই দেখা গেল। তারা একাই করেছে ইউরোপের শীর্ষ পাঁচ ক্লাবের মোট নেট ব্যয়ের ৫১ শতাংশ। ডেলয়েটের তথ্য অনুযায়ী, অন্য চার লিগের গড় মোট ব্যয় যেখানে ৯ মিলিয়ন ইউরো, সেখানে ইংলিশ লিগের ক্লাবগুলো এগিয়ে গেছে বহুদূর।
