রোমার মিডফিল্ডারকে বিয়ারের বোতল ছুড়লেন দর্শক
মাঠের ভেতরে-বাইরে উত্তাপ ছড়ানো ম্যাচে ফের লাল কার্ড দেখলেন রোমা কোচ জোসে মরিনিয়ো।
ম্যাচ শুরুর আগেই রোমা ও লাৎসিওর সমর্থকরা একে অন্যের দিকে আতশবাজি ছুড়ে উত্তপ্ত করলেন পরিস্থিতি। তাদের ঝামেলা চলতে থাকল ম্যাচজুড়েই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইও ছড়াল উত্তেজনা। চার দিনের মধ্যে দ্বিতীয়বার লাল কার্ড দেখলেন রোমার কোচ জোসে মরিনিয়ো। লাল কার্ড পেলেন দুই দলের তিন ফুটবলারও। আরেক খেলোয়াড়কে আবার বিয়ারের বোতল ছুড়ে মারলেন দর্শক।
ইউরোপিয়ান ফুটবলের ‘উগ্র’ লড়াইগুলোর একটি মনে করা হয় রোমা ও লাৎসিওর ডার্বিকে। বুধবার ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালেও দেখা যায় তেমন কিছুই। যেখানে ১-০ গোলে জিতে সেমি-ফাইনালে উঠেছে লাৎসিও।
স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের ৫১তম মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন মাত্তিয়া জাকানিয়ে। লাৎসিওর ভালেন্তিন কাস্তেয়ানোসকে রোমার ডিন হাউসেন ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
৭৬তম মিনিটে বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় লাৎসিওর সমর্থকদের লক্ষ্যবস্তুতে পরিণত হন রোমার মিডফিল্ডার এদোয়ার্দো বোভে। গ্যালারি থেকে উড়ে আসা একটি কাঁচের বিয়ারের বোতল আঘাত করে ২১ বছর বয়সী এই ফুটবলারের মাথার পেছন দিকে।
প্রথম লাল কার্ড দেখা খেলোয়াড় লাৎসিওর পেদ্রো; দ্বিতীয় হলুদ কার্ড দেখে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মাঠ ছাড়েন তিনি। পরে লাৎসিওর নিকোলো রোভেল্লার মাথার পেছন দিকে হাত দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন রোমার সর্দার আজমাউন।
শেষ বাঁশি বাজার পর রেফারিকে অপমান করে লাল কার্ড পান রোমার ডিফেন্ডার জানলুকা মানচিনি। আর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বহিষ্কার হন মরিনিয়ো।
গত রোববার সেরি আয় আতালান্তার বিপক্ষে রোমার ১-১ ড্র ম্যাচেও মরিনিয়ো লাল কার্ড দেখেছিলেন। ‘খ্যাপাটে’ চরিত্রের কোচ হিসেবে পরিচিত এই পর্তুগিজ গত মৌসুম থেকে এ নিয়ে ছয়বার ডাগআউট থেকে বহিষ্কার হলেন।
এক দর্শক মজা করে বলেছেন, “এটা এখন পরিষ্কার, তিনি (মরিনিয়ো) রেকর্ড গড়তে চান। জোসে মরিনিয়ো একজন কোচ হিসেবে সবচেয়ে বেশি লাল কার্ড পাওয়ার রেকর্ডধারী হবেন।”
আরেক জন বলেছেন, “মরিনিয়ো এই মৌসুমে সেরি আতে যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি লাল কার্ড পেয়েছেন। এই মানুষটি কখনই বদলাবেন না।”
ম্যাচের পর পেনাল্টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মরিনিয়ো। ভিএআরকে (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) এক হাত নিয়েছেন তিনি।
“হার সবসময়ই বেদনাদায়ক, ডার্বিতে তা দ্বিগুণ। এটি আধুনিক ফুটবলের পেনাল্টি, যা ভিএআর আসার আগে দেওয়া হতো না। রেফারি মাত্র তিন মিটার দূরে থেকেও (পেনাল্টি) দেননি, কিন্তু তারপর ভিএআরের সাহায্যে তিনি তা দেন।”
