ইসরায়েলের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে চায় না ব্রাসেলস
নিরাপত্তার কথা চিন্তা করে উয়েফা নেশন্স লিগের ম্যাচটি আয়োজনে রাজি নয় বেলজিয়াম।
গাজা যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের বিপক্ষে নিজেদের ম্যাচ আয়োজনে রাজি নয় ব্রাসেলস। ‘নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে’, এমন কারণ দেখিয়ে উয়েফা নেশন্স লিগের ম্যাচটি আয়োজন সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ব্রাসেলস নগর কর্তৃপক্ষ।
অবস্থান এশিয়ায় হলেও ইসরায়েল ফুটবল খেলে ইউরোপে। আগামী ৬ সেপ্টেম্বর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কেভিন ডে ব্রুইনদের বিপক্ষে খেলার কথা রয়েছে তাদের। এর প্রায় তিন মাস আগে বুধবার এক বিবৃতিতে নগরটির কর্তৃপক্ষ ম্যাচটি আয়োজনে অপরাগতার কথা জানায়।
“সাবধানী ও গভীর বিশ্লেষণের পর আমরা আজ এই উপসংহারে পৌঁছেছি যে, বিশেষত এই অস্থির সময়ে আমাদের রাজধানীতে এমন ম্যাচ আয়োজনের ঘোষণা নিশ্চিতভাবেই বিশাল বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভে পথ করে দেবে। দর্শক, খেলোয়াড়, ব্রাসেলসবাসী আর আমাদের পুলিশ বাহিনীর নিরাপত্তাকে ঝূঁকির মধ্যে ফেলে দেবে।”
গাজায় প্রায় আট মাস ধরে বিমান ও স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল, এতে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ। ব্রাসেলসেও ফিলিস্তিন-পন্থীরা সংগঠিত প্রতিবাদ জানিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে অবস্থান কর্মসূচি পালন করেছে। এতে বেলজিয়ামের কিছু বিশ্ববিদ্যালয় ইসরায়েলের সঙ্গে পুরোপুরি বা আংশিকভাবে সম্পর্ক ছিন্ন করেছে।
