অবসরের প্রশ্নে রোনালদোর উত্তর, ‘জানি না’
আপাতত খেলা উপভোগ করে যেতে চান আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার।
বয়স ৪০ ছুঁইছুঁই। তবে ক্রিস্তিয়ানো রোনালদোর মাঠের পারফরম্যান্সে বয়সের ছাপ যেন একদমই পড়ছে না। অবসর নিয়েও কোনো পরিকল্পনা নেই পর্তুগিজ মহাতারকার। তবে আগামী দুই বছরের মধ্যে বিদায়ের ক্ষণ আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার।
উয়েফা নেশন্স লিগে শুক্রবার পোল্যান্ডকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচে দুটি গোল করেন রোনালদো। স্পট কিকে জালের দেখা পাওয়ার পর শেষ দিকে দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকে দ্বিতীয় গোলটি করেন আল না্সর ফরোয়ার্ড।
এই জয়ে নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত করে পর্তুগাল। আর সের্হিও রামোসকে পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এককভাবে নিজের করে নেন রোনালদো (১৩২)।
ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদে থাকাকালীন ২০২২ সালে রোনালদো আশা প্রকাশ করেছিলেন, ৪০ বছর বয়সেও তিনি খেলা চালিয়ে যেতে চান। আগামী ফেব্রুয়ারিতে ৪০-এ পা দেবেন তিনি।
পোর্তোয় পোল্যান্ডের বিপক্ষে জয়ের পর অবসরের প্রশ্নে রোনালদো বলেন, এই বিষয়ে খুব বেশি ভাবছেন না তিনি।
“আমি স্রেফ উপভোগ করতে চাই। অবসরের পরিকল্পনা? যদি এটি হতেই হয়, এক বা দুই বছরের মধ্যে... জানি না।”
“শিগগিরই আমি ৪০ বছরে পা দেব… সত্যিই উপভোগ করতে চাই, যতক্ষণ আমি অনুপ্রাণিত বোধ করব, ততক্ষণ খেলা চালিয়ে যাব। যেদিন আর প্রেরণা পাব না, অবসর নিয়ে নেব।”
