২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্ক ‘ভুলে’ মাঠের লড়াইয়ে বাবা অ্যাশলি ইয়াংকে হারাতে মরিয়া ছেলে

ছেলের বিপক্ষে খেলার সুযোগ পেলে সেটা হবে তার ক্যারিয়ারের সবচেয়ে উপভোগ্য মুহূর্ত, বলছেন ইংলিশ ডিফেন্ডার অ্যাশলি ইয়াং।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2025, 06:38 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ড্র হওয়ার পরপরই নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেন অ্যাশলি ইয়াং। প্রতিযোগিতাটিতে ছেলের বিপক্ষে মাঠের লড়াইয়ে দেখা যেতে পারে তাকে। ইংলিশ ডিফেন্ডার বলছেন, এই স্বপ্ন পূরণ হলে সেটা হবে তার ক্যারিয়ারের সবচেয়ে উপভোগ্য মুহূর্ত। ছেলে টাইলার ইয়াংয়ের স্পষ্ট উচ্চারণ, পারিবারিক সম্পর্ক এক পাশে রেখে মাঠের লড়াইয়ে যেকোনো মূল্যে জিততে চান তিনি। 

বিশ্বের প্রাচীনতম জাতীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা এফএ কাপের তৃতীয় রাউন্ডে বৃহস্পতিবার মুখোমুখি হবে অ্যাশলি ইয়াংয়ের দল এভারটন ও তার ছেলে টাইলার ইয়াংয়ের দল পিটারবারা ইউনাইটেড। এভারটনের মাঠ গুডিসন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়।

৩৯ বছর বয়সী অ্যাশলি ইয়াংয়ের ক্যারিয়ারের সেরা সময়টা কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। ওল্ড ট্র্যাফোর্ডে আট বছরের অধ্যায়ে ২০১২-১৩ মৌসুমে প্রিমিয়ার লিগ, ২০১৫-১৬ মৌসুমে এফএ কাপ, পরের মৌসুমে লিগ কাপ ও ইউরোপা লিগ জেতেন তিনি। গত বছর যোগ দেন এভারটনে।  

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ড্রয়ের পর অ্যাশলি ইয়াং সামাজিক মাধ্যমে লিখেছিলেন, “ওয়াও… স্বপ্ন তাহলে সত্যি হতে পারে।”

কাঙ্ক্ষিত ম্যাচের আগে এই ফুল-ব্যাক এভারটনের ওয়েবসাইটে বললেন, ছেলের মুখোমুখি হওয়ার সুযোগ উপভোগ করছেন তিনি।

“যদি এমন সম্ভাবনা থাকে যে, আমরা একে অপরের সঙ্গে বা একে অপরের বিপক্ষে খেলতে পারছি, তাহলে আমার ক্যারিয়ারে যা কিছু করেছি, সেখানে সবচেয়ে ওপরে থাকবে এটি। আশা করি, আমরা একই মাঠে নামতে পারব। ড্র হওয়ার পর থেকে আমি বলে আসছি, এটি হবে আমার জন্য রোমাঞ্চকর মুহূর্ত। টাইলারের জন্যও গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে এটি।”

“সে তার ক্যারিয়ার সবেমাত্র শুরু করেছে, তাই দর্শকে ভরা দারুণ একটি স্টেডিয়ামে প্রতিভা প্রদর্শন করতে পারাটা তার জন্য অসাধারণ হবে।”

টাইলার আর্সেনালের একাডেমিতে যোগ দেন ৯ বছর বয়সে। এই মৌসুমেই ট্রায়ালে উত্তীর্ণ হয়ে এক বছরের চুক্তিতে যোগ দেন তিনি পিটারবারা ইউনাইটেডে। ইংলিশ ক্লাব ফুটবলের তৃতীয় স্তরের দলটির হয়ে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন ১৮ বছর বয়সী ফুটবলার।

বাবা ডিফেন্ডার হলেও ছেলে মিডফিল্ডার। মাঠে পারিবারিক সম্পর্ক মনে রাখতে চান না তিনি। 

“(মাঠের লড়াইয়ে) তাকে আমার বাবা হিসেবে ভাবতেও চাই না আমি। মাঠে তিনি প্রতিপক্ষ, যাকে হারানোর চেষ্টা করতে পারি।”