২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনিসিউস ফের বর্ণবাদের শিকার হলে মাঠ ছেড়ে যাবে রেয়ালের খেলোয়াড়রা

এই মৌসুমে লা লিগার ম্যাচ চলাকালে, দর্শকদের বর্ণবাদী আক্রমণের শিকার হলে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন রেয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 10:59 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

লা লিগার ম্যাচে অসংখ্যবার প্রতিপক্ষের সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিউস জুনিয়র। এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়তেও দেখা গেছে রেয়াল মাদ্রিদ তারকাকে। এতে তার ফুটবল খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা কমে যাচ্ছে, মাস পাঁচেক আগে এমন কথাও বলেছেন তিনি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই মৌসুমে ম্যাচ চলাকালে ফের দর্শকদের বর্ণবাদী আক্রমণের শিকার হলে মাঠ ছেড়ে যাবেন তিনি ও তার সতীর্থরা। 

২০২৩ সালের মে মাসে ভালেন্সিয়ার বিপক্ষে রেয়ালের লিগ ম্যাচ ১০ মিনিট বন্ধ ছিল দর্শকদের একটা অংশ ভিনিসিউসকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণ করায়। তাদের কয়েকজনকে চিহ্নিত করেন তিনি। পরে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখেন ভিনিসিউস। 

এরপর ভিনিসিউসের পাশে দাঁড়ান অনেকেই। স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বর্ণবাদ বিরোধী প্রচারণা শুরু হয়। ওই ঘটনায় গত জুনে ভালেন্সিয়ার তিন সমর্থককে আট মাসের কারাদণ্ড দেয় স্পেনের একটি আদালত। দেশটিতে ফুটবল স্টেডিয়ামে বর্ণবাদী আক্রমণের জন্য কারাদণ্ডের শাস্তির প্রথম ঘটনা সেটি। 

এছাড়া বার্সেলোনা, মায়োর্কা, রেয়াল ভাইয়াদলিদ, সেভিয়া, রেয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মাঠেও বিভিন্ন সময়ে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিউস। 

সিএনএন-এ বুধবার প্রকশিত সাক্ষাৎকারে ২৪ বছর বয়সী এই তারকা বলেন, আবারও এমন কিছু হলে ভিন্ন পথ বেছে নেবেন তারা।

“ক্লাবে আমরা প্রায়ই এই বিষয়ে কথা বলি। শুধু আমি নই, সবাই (খেলোয়াড়রা) বলেছে, যদি এমনটা ঘটে তাহলে পরেরবার সবাইকে মাঠ ছাড়তে হবে, যাতে যারা আমাদের অপমান করেছে তাদের সবাই অনেক বড় শাস্তি পায়।”

“ভালেন্সিয়ায় যা ঘটেছিল, ম্যাচের পর বিষয়টি নিয়ে ভেবে সবাই বলেছিল, সঠিক কাজ হলো মাঠ ছেড়ে যাওয়া, কিন্তু যেহেতু আমরা সেখানে একটি দলের হয়ে খেলছি, আমরা জানি স্টেডিয়ামে সবাই বর্ণবাদী আচরণকারী নয় এবং স্রেফ খেলা দেখার জন্য তারা স্টেডিয়ামে এসেছিল। এমন পরিস্থিতিতে খেলা শেষ করা সবসময়ই খুব কঠিন, কিন্তু যা কিছু ঘটছে, প্রতিবারই আরও খারাপ কিছু হচ্ছে, তাই (পরবর্তীতে এমন কিছু হলে) আমাদের মাঠ ছেড়ে যেতে হবে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু পরিবর্তন হয়।”

লা লিগা বর্ণবাদী আচরণের প্রমাণ সংগ্রহ করে এবং তা স্থানীয় বিদ্বেষমূলক অপরাধ প্রসিকিউটরদের কাছে পাঠায়। তবে প্রসিকিউটররা বিভিন্ন সময়ে অভিযোগ না গঠনের সিদ্ধান্ত নিয়েছে। লিগ কর্তৃপক্ষ তাই স্প্যানিশ সরকারকে আইন পরিবর্তন করার আহ্বান জানিয়েছে, যাতে অপরাধীদের সরাসরি শাস্তি দেওয়া যায়।