১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পরবর্তী মেসিকেও’ চাই বার্সেলোনার

তরুণ ক্লাউদিও এচেভেরিকে দলে পেতে অবশ্য ইউরোপের অনেক ক্লাবই চেষ্টা করছে বলে শোনা যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2023, 03:31 PM

Updated : 16 Dec 2023, 05:12 PM

বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি চলে গেছেন কয়েক বছর হয়ে গেল, কিন্তু সেই শূন্যতা এখনও অনুভূত হয়। দলকে পূনরায় আগের মতো শক্তিশালী করে তুলতে, সাফল্যের চূড়ায় পৌঁছাতে চেষ্টা করে যাচ্ছে ক্লাবটি। সেই লক্ষ্যে ‘পরবর্তী মেসি’ নামে পরিচিত হয়ে ওঠা আর্জেন্টিনার তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ক্লাউদিও এচেভেরির ওপর নজর দিয়েছে তারা।

অবশ্য কেবল বার্সেলোনাই নয়, ১৭ বছর বয়সী এচেভেরিকে দলে পেতে ম্যানচেস্টার সিটিও জোর চেষ্টা করে যাচ্ছে বলে শোনা যাচ্ছে।

সদ্য সমাপ্ত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবল বিশ্বের নজর কাড়েন আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের এই খেলোয়াড়। ওই আসরে কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেন এচেভেরি। আসরে গোল করেন সব মিলিয়ে পাঁচটি। আর্জেন্টিনা বিদায় নেয় সেমি-ফাইনাল থেকে।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, রেয়াল মাদ্রিদ, পিএসজি, ইউভেন্তুস, এসি মিলান ও ইন্টার মিলানের মতো ক্লাবগুলোরও তার ওপর নজর আছে।

তবে তাকে বার্সেলোনার পাওয়ার সম্ভাবনা একটু হলেও বেশি বলে ধারণা করা যায়। কারণ, খেলোয়াড় নিজেই যে দলটিতে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আগে এই কথা বলেছিলেন তিনি।

“রিভারের মতো আমি বার্সার হয়েও খেলতে চাই। আমি লিওনেল মেসির অনেক বড় ভক্ত এবং তাকে সেখানে খেলতে দেখেছি। তাই এই ক্লাবকে আমি ছোটবেলা থেকে অনুসরণ করছি।”

বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেসও শুক্রবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এচেভেরি তাদের রাডারে আছে।  

“ছেলেটা দারুণ মেধাবী। ব্রাজিলের বিপক্ষে (অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে) ওই হ্যাটট্রিক ছাড়াও সে ব্যবধান গড়ে দিতে পারে। তবে, ক্লাবে নতুন খেলোয়াড় চুক্তিভুক্ত করতে যারা দায়িত্বপ্রাপ্ত, কাজটা (তাকে বার্সেলোনায় আনার) তাদের।”