২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপে যাচ্ছে নিউ জিল্যান্ড

অধিনায়কসহ দলটির দুই অভিজ্ঞ ফুটবলারের সামনে নতুন এক ইতিহাস গড়ার হাতছানি।

অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপে যাচ্ছে নিউ জিল্যান্ড
ক্রিস উড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 05:27 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

দেড় বছরের বেশি সময় পর জাতীয় দলে ফিরলেন সেন্টার-ব্যাক টমি স্মিথ। তাও আবার সরাসরি বিশ্বকাপ দলে! এতে দারুণ এক কীর্তি গড়ার হাতছানি স্মিথ ও অধিনায়ক ক্রিস উডের সামনে। দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নিউ জিল্যান্ডের এই দুই ফুটবলার, দেশটির আর কেউ যা করতে পারেননি।

আসছে উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন দলটির কোচ ড্যানি বেজলি। 

ফুটবলের সর্বোচ্চ মঞ্চে এর আগে দুইবার খেলেছে নিউ জিল্যান্ড; ১৯৮২ ও ২০১০ বিশ্বকাপে। 

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ আসরের নিউ জিল্যান্ড স্কোয়াড থেকে কেবল স্মিথ ও উড জায়গা পেয়েছেন এবারের দলে। 

৩৬ বছর বয়সী উডের জায়গা পাওয়াটা বেশ চমক জাগানিয়া। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর দেশের হয়ে আর মাঠে নামেননি তিনি। কিন্তু কোচ সর্বোচ্চ প্রতিযোগিতার জন্য তার অভিজ্ঞতায় আস্থা রেখেছেন। 

কোচ বেজলি অভিজ্ঞতার ওপরই বেশি জোর দিয়েছেন। তার দলের অর্ধেক সদস্যের জাতীয় দলের হয়ে কমপক্ষে ২৫টি করে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। কেবল পাঁচ জন আছেন, যাদের অভিজ্ঞতা ১০ ম্যাচ বা এর কম।

আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। ১৫ জুন ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে নিউ জিল্যান্ডের। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর।

বিশ্বকাপে দুইবার খেলে এখনও জয়ের দেখা পায়নি নিউ জিল্যান্ড। নিজেদের অভিষেক আসরে তারা তিন ম্যাচ খেলে হেরেছিল সবগুলোয়। 

সেই তুলনায় ২০১০-এ তাদের পারফরম্যান্সে দারুণ উন্নতি হয়, তিন ম্যাচের সবগুলোয় ড্র করে তারা, রুখে দেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকেও। যদিও, সেবারই গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ওশেনিয়া অঞ্চলের দলটি।