ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে একটু সুবাতাস
রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ফিরে পেয়ে মৌসুমের শেষভাগে তারা কতটা আলো ছড়াতে পারবে, সেটাই দেখার অপেক্ষা।
অনেক সমস্যার ভিড়ে মৌসুমের শেষভাগে এসে ম্যানচেস্টার ইউনাইটেডে কিছুটা ইতিবাচক হাওয়া লাগল। চোট কাটিয়ে প্রায় চার মাস পর অনুশীলনে ফিরেছেন ডিফেন্ডার লুক শ।
গত ১ ডিসেম্বর প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ইউনাইটেডের ৪-০ গোলের জয়ের ম্যাচে সবশেষ খেলেছেন লেফট-ব্যাক শ। তারপর থেকে পেশির অজানা চোটের কারণে দলের বাইরে আছেন তিনি। দীর্ঘ অপেক্ষা শেষে শুক্রবার ক্যারিংটনে কোচ হুবেন আমুরির মূল স্কোয়াডের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে তাকে।
গত বছরের বেশিরভাগ সময়ও চোটের কারণে বাইরে ছিলেন ২৯ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডার। গত বছরের ফেব্রুয়ারি থেকে ক্লাবের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলতে পেরেছেন তিনি, এবং সেটাও বদলি হিসেবে।
তারপরও গত বছরের জুলাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের বিপক্ষে ফাইনালে ইংল্যান্ডের শুরুর একাদশে ছিলেন লুক শ। ইউনাইটেডের হয়ে গত মৌসুমের শেষভাগে খেলতে না পারলেও, জার্মানিতে অনুষ্ঠিত ওই ইউরোয় মোট তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি।.
চলতি মাসের শুরুতে ফুলহ্যামের বিপক্ষে হেরে এফএ কাপ থেকে বিদায় নেওয়ায় এই সপ্তাহান্তে বিরতি পাচ্ছে আমুরির দল। পরের ম্যাচে আগামী মঙ্গলবার প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের মাঠে খেলবে তারা।
লুক শয়ের পাশাপাশি আরেক অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি মাগুইয়ার ও তরুণ ফুটবলার লেনি ইয়োরো অনুশীলনে ফিরেছেন।
চোটের কারণে গত তিন সপ্তাহ দলের বাইরে ছিলেন ইংলিশ সেন্টার-ব্যাক ম্যাগুইয়ার। আর গত ৯ মার্চ আর্সেলানের সঙ্গে ১-১ ড্র ম্যাচের বিরতিতে চোটের কারণে উঠে যেতে বাধ্য হন ফরাসি সেন্টার-ব্যাক ইয়োরো এবং সেই থেকে বাইরে তিনি।
মৌসুম জুড়ে পারফরম্যান্সে ভীষণ অধারাবাহিক ম্যানচেস্টার ইউনাইটেড ঘরোয়া লিগে সবশেষ চার ম্যাচে অবশ্য হারেনি, এই সময়ে দুটি করে জিতেছে ও ড্র করেছে তারা। ২৯ ম্যাচে ১০ জয় ও ৭ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে আছে প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি।
